মিনগোরা, পাকিস্তান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় বিমান হামলায় প্রায় ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার যুদ্ধবিমান দিয়ে ওই হামলা চালায়। শনিবার সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাসির আলি বলেন, "জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে এবং এতে ৬০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া এ হামলায় জঙ্গিদের দুটি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস হয়েছে।"
তালেবানপন্থি নেতা মোল্লা ফজলুল্লাহর অনুসারীদের বিরুদ্ধে সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বছরের বেশি সময় ধরে সংঘর্ষ হচ্ছে। ফজলুল্লাহ সোয়াত উপত্যকায় তালেবানি শাসন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চালিয়ে আসছে।
ওদিকে, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী বাজাউর আদিবাসী এলাকায় শুক্রবার এক বিমান হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৫১ ঘ.
bdnews24