২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস-বিরোধী লড়াইয়ে নারীর ক্ষমতায়ন প্রয়োজন: জাতিসংঘ

জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছেন, এইচআইভি/এইডস-বিরোধী যুদ্ধে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি নারীদের আরও বেশি সম্মান দেখাতে পুরুষদের উৎসাহিত করা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বেইজিং, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছেন, এইচআইভি/এইডস-বিরোধী যুদ্ধে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি নারীদের আরও বেশি সম্মান দেখাতে পুরুষদের উৎসাহিত করা প্রয়োজন। চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার দারিদ্র বিমোচন সংক্রান্ত এক সম্মেলনে জাতিসংঘের এইচআইভি/এইডস বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নিযুক্ত বিশেষ দূত নাফিস সাদিক একথা বলেন। তিনি বলেন, নারীর প্রতি শ্রদ্ধার অভাবই এইডস এর ভাইরাস ছড়াতে সাহায্য করছে। সাদিক বলেন, "লিঙ্গভেদে বৈষম্য এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার কারণে নারীদের মধ্যে এইচআইভি ও এইডস মহামারী ছড়াচ্ছে।" তিনি বলেন, "এইডস রোধের লড়াইয়ে জিততে হলে আত্মবিশ্বাস অর্জনের ক্ষমতা, জ্ঞান, আত্মরক্ষার ক্ষমতা অর্জনের মাধ্যমে নারীর ক্ষমতায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "নারীরা ক্ষতির শিকার হয় দ্বিগুণ। প্রথমত, এইচআইভি ও এইডস-এ, দ্বিতীয়ত রোগটির সঙ্গে সম্পর্কিত লজ্জা বা কলঙ্কের চিহ্নের কারণে। কেননা, স্বামীদের এইডস সংক্রমণের জন্য স্ত্রীদেরই বেশি দোষারোপ করা হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে স্বামীরাই স্ত্রীদের সংক্রমিত করছে।" তিনি আরও বলেন "আজ চীনে এইচআইভি ভাইরাসে আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশই নারী। যেখানে ১৯৯৫ সালে এ সংখ্যা ছিল প্রতি ১০ জনে একজন।" উল্লেখ্য, বিশ্বে বছরে ২০ লাখ লোক এইডস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং নতুন করে আক্রান্ত হচ্ছে তিন কোটি ৩০ লাখ লোক। আর নতুন আক্রন্তদের অর্ধেকই নারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৭ ঘ.