ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সংকটে পড়া ব্যাংকগুলোর সাহায্যে ২৫ হাজার কোটি ডলার ঢালার প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থনীতি পুনরুদ্ধারে বুশ প্রশাসনের ঘোষিত ৭০ হাজার কোটি ডলারের প্রকল্পের অন্তর্ভূক্ত এ ২৫ হাজার কোটি ডলার কোন কোন প্রতিষ্ঠানকে এবং কি খাতে দেওয়া হবে তার বিস্তারিত ঘোষণা আসছে মঙ্গলবার।
বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের অর্থনীতি রক্ষায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশ তাদের সংকটে পড়া ব্যাংকগুলোর সাহায্যে এক ট্রিলিয়ন (১ দশমিক ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার) ইউরোর বেশি বরাদ্দের পদক্ষেপ গ্রহণের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিতে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আর্থিক সংকট থেকে রক্ষায় সরকারের ঘোষিত ৭০ হাজার কোটি ডলার কোন কোন খাতে ব্যায় করা হবে তা নিয়ে সোমবার দেশটির বড় ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
ওই বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পানার বিস্তারিত ঘোষণা করবেন।
একটি সূত্রে জানা গেছে, অর্থবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং পুনরায় আন্তঃব্যাংক লেনদেন স্বাভাবিক করতে পুঁজিবাজারে বিনিয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৯টি ব্যাংককে সাড়ে ১২ হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়ার কথা থাকতে পারে মঙ্গলবারের ঘোষণায়।
যেসব ব্যাংককে এ বরাদ্দ দেওয়া হবে তার মধ্যে রয়েছে, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটিগ্র"প, জেপিমরগ্যান চেজ, গোল্ডম্যান স্যাক্স, মরগ্যান স্ট্যানলি এবং ব্যাংক অফ নিউ ইয়র্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৪৫ ঘ.
bdnews24