নম পেন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সংঘর্ষ এড়াতে বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে থাই সেনারা মঙ্গলবার সরে গেছে। কম্বোডিয়ার জেনারেল চেয়া মন ঘটনাস্থল থেকে রয়টার্সকে একথা বলেছেন। তবে ব্যাংকক এ দাবি অস্বীকার করেছে।
সীমান্ত এলাকা থেকে জেনারেল চেয়া ফোনে রয়টার্সকে জানান, " থাইল্যান্ড সেনা সরানোর সময়সীমা পেরোনোর আগেই আমাদের ভূমি থেকে সরে গেছে।"
সোমবার সীমান্ত এলাকা থেকে থাইল্যান্ড ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১শ' সেনা না সরালে ওই এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করার আলটিমেটাম দিয়েছিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
নমপেনে থাই পররাষ্ট্রমন্ত্রী সম্পোং আমোর্নভিভাত এর সঙ্গে বৈঠকের পর হুন সেন সাংবাদিকদেরকে বলেন, "থাই সেনাদেরকে ২৪ ঘন্টার মধ্যে কম্বোডিয়া ছাড়তে হবে। আমরা তাদেরকে আমাদের ভূমি দখল করতে দেব না।"
মঙ্গলবার চেয়া বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। থাই সেনারা যে এলাকা থেকে চলে গেছে সেখানে এখন আমাদের সেনারা প্রবেশ করছে।"
তবে থাই সেনাবাহিনী একথা অস্বীকার করে বলেছে, কোনও সেনা প্রত্যাহার করা হয়নি এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত।
সীমান্ত এলাকার স্বার্বভৌমত্ব রক্ষার জন্য থাই সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।
সোমবার রাজধানী নম পেনে সোমপং সাংবাদিকদের বলেন, প্রায় ৫০০ থাই সেনা বিরোধপূর্ণ এলাকা দিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছে।
তিনি বলেন, "আমাদের সেনারা থাইদের সীমান্ত লঙ্ঘন না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে।"
তিনি আরও বলেন, "তেমন কিছু হলে, সেখানে সশস্ত্র সংঘাত হবে এবং তা থেকে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।"
কিন্তু ব্যাংককে থাইল্যান্ডের কর্মকর্তারা এ ধরনের কোনো সীমান্ত লঙ্ঘনের খবর অস্বীকার করেছেন।
থাই সেনাবাহিনীর মুখপাত্র সানসার্ন কায়েকুমনার্দ এ প্রসঙ্গে বলেছেন, "সীমান্ত লঙ্ঘন? যেখানে উভয়পক্ষই ভূমির দাবিদার সেখানে সীমান্ত লঙ্ঘনের প্রশ্ন কীভাবে আসে?"
থাই-কম্বোডিয়া সীমান্তে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটারের একটি অমীমাংসিত এলাকা নিয়ে জুলাই মাসে বিরোধে জড়িয়ে পড়ে দুই দেশ। সেখানকার একটি প্রাচীন হিন্দু মন্দির এবং তৎসংলগ্ন জংলা জমির মালিকানা দাবি করছে উভয় দেশই।
দুই দেশই সেখানে সেনা সমাবেশ ঘটাচ্ছে এবং অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24