সুলাইমানিয়া, ইরাক, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। এ পর্যন্ত সেখানে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে ৩৭ জন। স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী রোববার একথা জানিয়েছেন। ইরাকে ১৯৮০'র দশকের পর এই প্রথম অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিল।
স্বাস্থ্যমন্ত্রী জিরাইয়ান ওথমান জানান, পশুপাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। ডাহুক প্রদেশে গত মাসে প্রথম অ্যানথ্রাক্স অক্রান্তের খোঁজ পাওয়া যায়।
তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তদের কারও অবস্থা এখনও তেমন মারাত্মক নয়। ফুফফুস ও দেহের অন্যান্য অঙ্গের পরিবর্তে আক্রান্ত ৩৭ জনের সবারই ত্বকে অ্যানথ্রাক্স সংক্রমিত হয়েছে।
কর্তৃপক্ষ আক্রান্ত পশুপাখি মেরে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।
ওথমান বলেন, "রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। পশুপাখি অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে সেখান থেকে তা মানুষের দেহে ছড়িয়ে পড়বে। আর এর প্রভাব পড়তে পারে অর্থনীতিতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪৫ ঘ.
bdnews24