প্লেসতস্ক কসমোড্রোম, রাশিয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়া রোববার দূর-পাল্লার আন্তমহাদেশীয় টোপোল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ সময় সেখানে উপস্থিত প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়ার সশস্ত্রবাহিনীতে নতুন প্রজন্মের অস্ত্র একের পর এক বাড়তে থাকবে।
রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, রাশিয়ার উত্তরাঞ্চলে তেইগা বনভূমির মধ্যে অবস্থিত প্লেসতস্ক কসমোড্রোম থেকে স্থানীয় সময় রাত ৩টা ২৩ মিনিটে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। আধঘণ্টা পর ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপে আঘাত হানে।
ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পর আকাশ আচ্ছন্ন করে রাখা ধোঁয়ার কুণ্ডলির মধ্যে দাঁড়িয়ে মেদভেদেভ বলেন, "আমাদের সশস্ত্রবিভাগে আরও নতুন নতুন অস্ত্র যোগ হবে । কিন্তু তারপরও এখন আমাদের যে সমস্ত্র অস্ত্র আছে তারও পরীক্ষা চলবে।"
রুশ নৌবাহিনী জানিয়েছে, রোববার প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। উত্তর মহাসাগরের ব্যারেন্টস সমুদ্রে অবস্থানরত একটি পরমাণু-জ্বালানি চালিত সাবমেরিন থেকে 'সিনেভা' নামের নতুন ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।
মেদভেদেভ গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই আগস্ট মাসে জর্জিয়ায় অল্প কয়েকদিনের একটি যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপর থেকেই মেদভেদেভ সমরবিভাগকে নতুন করে সুসজ্জিত করার তোড়জোড় শুরু করেছেন।
সাড়ে ২১ মিটার লম্বা টোপোল ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের আগে সেনসদস্যদের নতুন একটি চামড়ার জ্যাকেট এবং হাতে 'কমান্ডার-ইন-চিফ' লেখা ব্যাজ পরে ক্ষেপণাস্ত্রটি বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন মেদভেদেভ।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে আঘাত হানতে পারে এমনভাবে টোপোল ক্ষেপণাস্ত্রের ডিজাইন করা হয়েছে। পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24