চিলিকোথি, ওহাইয়ো, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আলাস্কার গভর্নর সারাহ পেলিন (৪৪) তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজ্যের আইন পরিষদ পরিচালিত এক তদন্ত প্রতিবেদনে শুক্রবার পেলিনের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।
১০ জন রিপাবলিকান এবং চারজন ডেমোক্র্যাট আইনপ্রণেতার সমন্বয়ে গঠিত আলাস্কার আইন পরিষদের একটি কমিটি পেলিনের বিরুদ্ধে এ তদন্ত প্রতিবেদন দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ক্ষেত্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাথী জন ম্যাককেইনের রানিং মেট আলাস্কার গভর্নর সারাহ পেলিন তার অধস্তন কর্মচারিদের চাপ দেওয়ার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেন। পারিবারিক বিরোধের জের ধরেই পেলিন ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।
আলাস্কার জননিরাপত্তা বিষয়ক কমিশনার ওয়াল্ট মোনেগানকে বরখাস্ত করার পেছনে রাজ্যপুলিশের এক সদস্যের সঙ্গে পেলিনের পারিবারিক বিবাদের বিষয়টি জড়িত ছিল কি-না তা যাচাই করাই ছিল এ তদন্তের মূল লক্ষ্য। রাজ্যপুলিশের ওই সদস্য গভর্নর পেলিনের বোনের বিতর্কিত তালাকের ঘটনার সঙ্গে জড়িত।
তদন্তে দেখা গেছে, মোনেগানকে বরখাস্ত করার বিষয়টি গভর্নরের এখতিয়ারের মধ্যে থাকলেও পেলিন তার ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য তার অধস্তন কর্মকর্তাদের চাপ দেওয়ার মাধ্যমে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন।
তবে ম্যাককেইন-পেলিন শিবির জানিয়েছে, প্রতিবেদনে দেখা যাচ্ছে পেলিন "সঠিক ও আইনি এখতিয়ারের" ভেতরে থেকেই তার দায়িত্ব পালন করেন।
পেলিনও বরাবরই কোনো ধরনের অন্যায় না করার দাবি জানিয়ে আসছেন। তার সমর্থকরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে এসব অভিযোগ উত্থাপন করছে।
বিশ্লেষকরা মনে করছেন, গভর্নর হিসেবে পেলিনের ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত আলাস্কা আইন পরিষদের এ প্রতিবেদন আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলকে পিছিয়ে দিতে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৪ ঘ.
bdnews24