২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন

বহু তর্ক-বিতর্ক, সমালোচনা এবং বিরোধিতা সত্ত্বেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসমারিক পরমাণু চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী দ্বিপাক্ষিক এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 05:26 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বহু তর্ক-বিতর্ক, সমালোচনা এবং বিরোধিতা সত্ত্বেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসমারিক পরমাণু চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী দ্বিপাক্ষিক এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ভারত গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেসামরিক পরমাণু প্রযুক্তি কেনার অনুমতি পেল। ১৯৭৪ সালে ভারত একটি পরমাণু প্রযুক্তির পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের পরমাণু বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর ওপর দেশটির সঙ্গে পরমাণু প্রযুক্তি বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ভারত-মার্কিন চুক্তির ফলে ১১০ কোটিরও বেশি মানুষের দেশ ভারত তার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এখন থেকে যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি, চুল্লি ও প্রযুক্তি পাবে। বুশ প্রশাসন মনে করছে, ঐতিহাসিক এ চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্কে একটি বড় অর্জন হল এবং এর ফলে ভারত পরিবেশবান্ধব উপায়ে তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম হবে। এছাড়া, এর মাধ্যমে ভারতে যুক্তরাষ্ট্রের জন্য বিলিয়ন ডলারের বেসামরিক পরমাণু বাজার উন্মুক্ত হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, এ চুক্তির ফলে আগামী ১৫ বছর ভারতের ১৮ থেকে ২০টি পরমাণু স্থাপনায় প্রায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হতে পারে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, রাশিয়া এবং অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোও ভারতের এ বেসামরিক পরমাণু বাজারে অংশ নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৪ ঘ.