বুদাপেস্ট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মাদক ব্যবসা রোধে কঠোর পদক্ষেপ নিতে শনিবার একমত হয়েছে ন্যাটো মিত্ররা। যুক্তরাষ্ট্র বলে আসছে, আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য মাদক ব্যবসা বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।
আফগানিস্তানে মাদক গবেষণাগার ও চোরকারকারীদের বিরুদ্ধে ন্যাটো সেনাদের সরাসরি হামলার অনুমতি চেয়েছেন ন্যাটো কমান্ডার জেনারেল জন ক্রাডক। মাদক ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ কাজে লাগাচ্ছে আফগানিস্তানের তালেবান বিদ্রোহিরা।
ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা মতৈক্যে পৌঁছেছেন যে, আফগান সরকার ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতির ভিত্তিতে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী (আইএসএএফ) আফগানিস্তানে মাদক ব্যবসা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে পারবে।
বুদাপেস্টে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর জেমস অ্যাপাথুরাই বলেন, "আফগানিস্তানে মাদক ব্যবসায়ী ও তাদের সহায়তাকারীদরে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে আইএসএএফ।"
তবে ন্যাটো বাহিনীর এই বর্ধিত ভূমিকায় উদ্বিগ্ন জার্মানি ও স্পেনসহ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ।
বার্লিন মনে করছে, এর ফলে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটবে এবং ন্যাটো সেনাদের ওপর আক্রমণের ঝুঁকি বাড়বে।
তবে বুদাপেস্টের বৈঠকে ক্রাডকের প্রস্তাবকে পূর্ণ সমর্থন দিয়েছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রহিম ওয়ারদাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24