মুলতান, পাকিস্তান, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের মধ্যাঞ্চলের শহর লোধরানে শুক্রবার একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো। নিহতদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, স্কুলের ছাত্রছাত্রীসহ অন্যান্য যাত্রীদের নিয়ে বাসটি লোধরান থেকে শহরের বাইরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২০জন স্কুলছাত্র এবং ৪জন নারী বলে জানিয়েছে পুলিশ।
লোধরানের পুলিশ প্রধান খুররাম আলি জানান, "বাসটি ছিল পুরোপুরি যাত্রী বোঝাই। বেশ কিছু ছাত্র বাসটির ছাদে ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৩৩৩ ঘ.
bdnews24