জর্জিয়া, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া সংলগ্ন এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। আগস্টে জর্জিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে রাশিয়া ওই অঞ্চলগুলোতে সেনা পাঠিয়েছিল। জর্জিয়ার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শোতা ইউতিয়াশভিলি বলেছেন, "আমরা নিশ্চিত করেই বলতে পারি যে, বাফার জোন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।"
তবে ওই দুই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার পর্যবেক্ষণকারী ইইউ মিশন এ খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। মিশনের প্রধান হ্যান্সজোয়ের্গ হাবের বলেছেন, "রাশিয়া সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি এখনও যাচাই করে দেখা হচ্ছে।"
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, রুশ সেনারা দক্ষিণ ওসেটিয়ার চারপাশে বাফার জোনের ছয়টি চেকপয়েন্টই বন্ধ করে দিয়েছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, সেনা প্রত্যাহারের সময়সীমা শুক্রবারের আগেই সেনাপ্রত্যাহার সম্পন্ন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৫ ঘ.
bdnews24