মালে, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মালদ্বীপে বুধবার প্রথমবারের মতো বহুদলের অংশগ্রহণভিত্তিক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। বর্তমান প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইউমের ৩০ বছরের শাসনের ওপর গণভোট হিসেবে বিবেচিত হচ্ছে ঐতিহাসিক এ প্রেসিডেন্ট নির্বাচন। এতে গাইউমের বিরুদ্ধে লড়ছেন পাঁচজন। (আরও তথ্যসহ)
১৯৬৮ সালে ৩ লাখ জনসংখ্যা অধ্যুষিত মালদ্বীপে সুলতানি শাসনের বিলুপ্তি ঘটে। তবে অতীতে গাইউমের বিরুদ্ধে ব্যক্তিগত সুলতানি শাসকের অভিযোগ ওঠে। এসব অভিযোগ এবং দীর্ঘ বিক্ষোভের পর এ বছর আগস্টে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন আইনে স্বাক্ষর করেন তিনি। তার ফলেই অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।
ভোট শুরুর পর রাজধানী মালে ও এর আশেপাশের ভোটকেন্দ্রগুলোতে অনেক লোকের ভীড় দেখা গেছে। প্রবল বৃষ্টি সত্ত্বেও ভোটারদের মধ্যে ভোটদানের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
ভোটদানের পর মোহামেদ মাহফুজ নামের ৩৫ বছর বয়স্ক এক ফ্যাশন ডিজাইনার বলেন, "আমার দেশের জন্য ভোট দিতে পেরে গর্ববোধ করছি। আজ একটা নতুন ধরনের নির্বাচন হচ্ছে এবং আমার বিশ্বাস একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।"
নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় শ' শ' পুলিশ ও সেনা। সারা দেশের ৩৯৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোটগ্রহণ শেষের কয়েক ঘণ্টার মধ্যেই ফল পাওয়া যাবে। তবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় (গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে মালদ্বীপের নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এলকিউ/১৪৫৪ ঘ.
bdnews24