স্টকহোম, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদার্থের অভ্যন্তরীণ গঠনে নতুন ধারণা দেওয়ার জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন দুই জাপানি এবং এক মার্কিন বিজ্ঞানী। রয়েল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস মঙ্গলবার জানিয়েছে, ইয়োইচিরো নামবু, মাকোতো কোবাইশি ও তোশিহিদ মাসকাওয়া নামের এই তিন বিজ্ঞানীকে কণাবাদী পদার্থবিদ্যায় অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
নামবু কণাবাদী পদার্থবিদ্যায় কণাগুলোর অবস্থা বদলে স্বতঃস্ফূর্ত প্রতিসাম্যের বিষয়টি চিহ্নিত করেন। আর কোয়ার্ক নামে পরিচিত কণিকার তিনটি পরিবারের অস্তিত্বের আভাস দেওয়ার বিষয়ে কাজ করেছেন কোবাইশি ও মাসকাওয়া।
কণাবাদী পদার্থবিদ্যায় কোয়ার্ক প্রোটন ও নিউট্রনের উপ-কণিকা হিসেবে পরিচিত। প্রোটন ও নিউট্রন মিলে পরমাণুর নিউক্লেই গঠন করে।
এ পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডশ ক্রাউন বা প্রায় ১৪ লাখ ডলার। পুরস্কারপ্রাপ্তদের একটি করে পদক, একটি সম্মানসূচক ডিপ্লোমা সনদ এবং অর্থ ভাগ করে দেওয়া হবে।
ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক ৮৭ বছর বয়সী নামবু একজন মার্কিন নাগরিক হলেও তার জন্ম জাপানের টোকিওতে।
এছাড়া পুরস্কারপ্রাপ্ত অপর দুই বিজ্ঞানীর জন্ম জাপানে এবং তারা জাপানি নাগরিক।
এদের মধ্যে ৬৪ বছর বয়সী কোবাইশি বর্তমানে জাপানের তুসুকুবা শহরের 'কেইকে ল্যাবরেটরি'-তে অধ্যাপক হিসেবে কর্মরত। আর অন্যজন ৬৮ বছর বয়সী অধ্যাপক মাসকাওয়া জড়িত রয়েছেন জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও-র সঙ্গে।
গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ফ্রান্সের আলবার ফের এবং জার্মানির পিটার গ্র"য়েনবার্গ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/এলকিউ/১৮১২ ঘ.
bdnews24