ব্যাংকক, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই পার্লামেন্টের বাইরে মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভকারী এবং দাঙ্গা পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষে প্রায় ৭০ জন আহতের ঘটনার দায়ে পদত্যাগ করেছেন থাই উপ-প্রধানমন্ত্রী চাভালিত ইয়ংচায়ুধ। ওদিকে, চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ব্যাংককের কেন্দ্রস্থলে গাড়িবোমা হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষস্থলের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে। এতে একটি ট্রাক ধ্বংস হয়ে যায় এবং একজন নিহত হয়। ব্যাংককের 'দুসিত' পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা কর্নেল সোমচাই চয়োক্লিন রয়টার্সকে জানিয়েছেন, তার ধারণা এটি গাড়িবোমা হামলা এবং এতে নিহত ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে গাড়ী থেকে ২০ মিটার দূরে ছিটকে পড়েছে।
এর আগে পার্লামেন্টে প্রধানমন্ত্রী সোমচাই অংসোয়াতকে প্রথম নীতিনির্ধারণী ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে সোমবার রাত থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্টের সামনে এক সড়কে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে দাঙ্গাপুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী সোমচাই অংসোয়াতের নীতি নির্ধরণ বিষয়ক ভাষণ প্রদানের কিছু সময় আগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখী রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এ সময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে দুই বিক্ষোভকারীর পায়ের কিছু অংশ উড়ে গেছে। এ ঘটনার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেন চাভালিত। পদত্যাগ পত্রে তিনি লেখেন, ঘটনাপ্রবাহ আমার পরিকল্পনামতো না হওয়ায় আমি এ ঘটনায় দায়িত্ববোধের পরিচয় দিতে পদত্যাগ করছি।
বিরোধী জোট 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' বা পিএডি এর সমর্থকরা পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সোমচাই'র বিরুদ্ধে স্লোগান দেয়। তারা প্রধানমন্ত্রী সোমচাই অংসোয়াত এবং সাবেক প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার 'প্রতিনিধি' বলে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24