স্টকহোম, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিকিৎসা বিজ্ঞানে ২০০৮ সালের নোবেল পুরস্কার পেলেন এক জার্মান এবং দুই ফরাসী বিজ্ঞানী। প্রাণঘাতী রোগের কারণ হিসেবে দুটি ভাইরাস সনাক্ত করার সাফল্যের কারণে তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।
'সারভাইকাল ক্যান্সারের' কারণ সনাক্ত করার সাফল্যের জন্য জার্মানির বিজ্ঞানী হারাল্ড জার হাউসেন-কে এ পুরস্কারে ভূষিত করা হয়। আর ফরাসী দুই বিজ্ঞানী ফ্রাঁসোয়াজ বার-সিনুসি এবং লুক মঁটানিয়ে-কে এ পুরস্কার দেওয়া হচ্ছে 'এইডস' এর ভাইরাস সনাক্ত করার জন্য।
এ পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডশ ক্রাউন বা প্রায় ১৪ লাখ ডলার। পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে একটি করে পদক, একটি সম্মানসূচক ডিপ্লোমা সনদ এবং এ অর্থ দেওয়া হবে। এ বছরের পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটি পাবেন জার্মান বিজ্ঞানী হাউসেন এবং বাকী অর্ধেক সমান দুইভাগে ভাগ হবে দুই ফরাসী বিজ্ঞানীর মধ্যে।
১৯৩৬ সালে জন্মগ্রহণকারী জার্মান বিজ্ঞানী হাউসেন জার্মানির হাইডেলবার্গে 'জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার' এ গবেষণারত।
ফরাসী বিজ্ঞানী বারে সিনুসি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে প্যারিসের 'ইন্সটিটিউট প্যাস্তিওর' এর ভাইরোলজি ডিপার্টমেন্টের রেগুলেশন অফ রিট্রোভাইরাল ইনফেকশন্স ইউনিট এ কর্মরত।
পুরস্কারপ্রাপ্ত অপর ফরাসী বিজ্ঞানী লুক মঁটাগনিয়ে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে প্যারিসের 'ওয়ার্ল্ড ফাউন্ডেশন ফর এআইডিস রিসার্চ এন্ড প্রিভেনশন' এ কর্মরত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৭ ঘ.
bdnews24