২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে রাইস, পরমাণু চুক্তিতে স্বাক্ষরের সম্ভাবনা কম

বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কথা বলতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তবে আমলাতান্ত্রিক 'জটিলতার' কারণে রাইস তার এ সফরে ভারতের সঙ্গে ওই চুক্তিতে স্বাক্ষর নাও করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

নয়াদিল্লি, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কথা বলতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তবে আমলাতান্ত্রিক 'জটিলতার' কারণে রাইস তার এ সফরে ভারতের সঙ্গে ওই চুক্তিতে স্বাক্ষর নাও করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বুধবার বিলটি অনুমোদিত হওয়ার মাধ্যমে ভারতের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তির ওপর তিন দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অবসান ঘটার পর এ সফরে আসলেন রাইস। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক জানিয়েছেন, বিলটি অনুমোদিত হলেও কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত হয়নি। তাই প্রেসিডেন্ট বুশ এখনও তাতে স্বাক্ষর করতে না পারায় বিলটি আইনেও পরিণত হয়নি। নয়াদিল্লি রওয়ানা হওয়ার পথে রাইস সাংবাদিকদের বলেন, ভারত সফরে তিনি এই চুক্তি সই করবেন কি-না তা নিশ্চিত নয়। এছাড়া, ভারতের কর্মকর্তারাও শনিবার নিশ্চিত করেছেন যে, রাইসের সফরে বেসমারিক পরমাণু চুক্তি "স্বাক্ষর অনুষ্ঠানের" কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ভারতের বক্তব্য, তার বেসামরিক জ্বালানি নিরাপত্তার জন্য এ চুক্তি অত্যাবশ্যকীয়। তবে সমালোচকরা বলছেন, এ চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী এবং প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাইসের। প্রসঙ্গত, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এ পরমাণু চুক্তির বিরোধিতা করে আসছে বিজেপি। বিশ্লেষকরা মনে করছেন, ভারত সফরে রাইস দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ এবং আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য ভারত ও পাকিস্তানের সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করতে পারেন। ভারত সফর শেষে কাজাখস্তান সফর করার কথা রয়েছে রাইসের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এজে/১৩৪৬ ঘ.