নয়াদিল্লি, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে আইন করে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করেছে সরকার। বৃহষ্পতিবার পাস হওয়া এ আইনটির কঠোর প্রয়োগের উদ্দেশ্যে আইন ভঙ্গের জরিমানা ধরা হয়েছে ২০০ রুপি।
সরকার জানিয়েছে তামাকের ব্যবহার কমাতেই এ আইন করা হয়েছে। কেননা বিশ্বের তৃতীয় বৃহৎ তামাকভোক্তা দেশটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব মৃত্যুর এক পঞ্চমাংশই ঘটে থাকে তামাক সেবন জনিত কারণে।
ধূমপান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সব ধরনের অফিস, স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান, রেঁস্তোরা, পাব, নাইটক্লাব, হাসপাতাল, যে কোনো পাবলিক পরিবহন এবং যাত্রী ছাউনি, বাস-রেল-নৌ টার্মিনাল ইত্যাদি জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ভারতে তামাক ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, বিপনন ও বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রণমূল আইন চালু থাকলেও তা যথাযথভাবে প্রয়োগ হয়নি।
ভারতে ধূমপায়ীর সংখ্যা প্রায় ২৪ কোটি।
কর্মকর্তারা বলছেন, ২৪ কোটি ধূমপায়ীর কাছে বছরে প্রায় ১০ হাজার ২০০ কোটিটি সিগারেট বিক্রি হয়। এ সংখ্যা তুলনামূলকভাবে বিশ্বের সবচেয়ে বেশী ধূমপায়ীর দেশ চীনের চেয়ে কম হলেও ভারতে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে অত্যন্ত দ্রুত হারে। বছরে তা প্রায় ৫-৬ ভাগ হারে বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫১০ ঘ.
bdnews24