অটাওয়া, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বৃহষ্পতিবার বলেছেন ন্যাটো চিরদিন আফগানিস্তানে থাকতে পারে না। তিনি আরও বলেন, কিছু পশ্চিমা নেতাদের মধ্যে ভুল বিশ্বাস রয়েছে যে তারা চিরদিন সেখানে থাকতে পারবেন।
স্বদেশে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব কানাডীয় সেনা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন হার্পার। আফগানিস্তানে তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহারে প্রায় ২,৫০০ সেনা মোতায়েন রয়েছে কানাডার।
২০০২ সালে সেনা মোতায়েনের পর থেকে আফগান যুদ্ধে এ পর্যন্ত কানাডার ৯৭ জন সেনা এবং একজন কূটনীতিবিদ নিহত হয়েছেন।
এর আগে হার্পার যদিও বলেছিলেন যে, আফগানিস্তানে স্থিতিশীলতা আসতে যতোদিন লাগে ততোদিনই সেখানে থাকবে কানাডার সেনারা। তবে পরে চাপের মুখে ২০১১ সালের মধ্যে সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি এটাই বুদ্ধিমানের কাজ। যে কোনোভাবেই হোক আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে অন্যান্য পশ্চিমা নেতাদের সঙ্গে দ্বিমত পোষণ করি আমি।"
এ মাসে কানাডার সাধারণ নির্বাচনের আগে বিরোধী এক নেতার সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে হার্পার এসব কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৮ ঘ.
bdnews24