মিরানশাহ, পাকিস্তান, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আফগানিস্তানে দখলদার মার্কিন সেনারা চালকবিহীন বিমান দিয়ে সেখানকার একটি বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালায়। বুধবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা একথা জানিয়েছে।
এর আগেও গত মাসে মার্কিন সেনারা চালকবিহীন বিমান দিয়ে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকাটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া, মার্কিন সেনারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে কমান্ডো অভিযানও চালিয়েছে।
দুটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, সর্বশেষ উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী শহরের কাছের একটি বাড়িতে মঙ্গলবার মধ্যরাতের কাছাকাছি (গ্রিনিচ সময় ১৮০০ ঘণ্টা) সময়ে একটি চালকবিহীন বিমান দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
আফগান সীমান্তবর্তী এ এলাকাটি পাকিস্তানি তালেবান এবং বিদেশি জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের ওই গোয়েন্দা কর্মকর্তাদের একজন বলেন, "আমাদের কাছে বিদেশি জঙ্গিসহ পাঁচজন নিহত হওয়ার খবর আছে।" তবে হতাহতের বিষয়ে আর কোনো তথ্য তার কাছে নেই বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩১৪ ঘ.
bdnews24