২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সঙ্গে আলোচনায় শর্ত জুড়লেন আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভেঙে ফেলা গাজা-মিসর সীমান্ত প্রাচীরের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের দাবি বুধবার প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ওই দলকে "গাজায় অভ্যুত্থানের সমাপ্তি ঘটাতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 11:25 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

কায়রো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভেঙে ফেলা গাজা-মিসর সীমান্ত প্রাচীরের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের দাবি বুধবার প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ওই দলকে "গাজায় অভ্যুত্থানের সমাপ্তি ঘটাতে হবে।" আব্বাসের ফাতাহ সেনাদের হটিয়ে গত জুন মাসে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। গত সপ্তায় বিস্ফোরণ ঘটিয়ে তারা গাজা-মিসর সীমান্ত প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। এরপর ওই পথ দিয়ে ইসরাইলি অবরোধে দুর্দশাগ্রস্ত হাজার হাজার ফিলিস্তিনি মিসরে ঢুকে খাবার ও নিত্যপ্রয়জনীয় দ্রব্য সংগ্রহ করে। পরবর্তীতে ওই সীমান্তের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আব্বাস মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাকসহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া, রাফাহ ক্রসিং (ভেঙ্গে ফেলা গাজা-মিসর সীমান্ত) এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব দেশগুলোর সমর্থনও অর্জন করতে সক্ষম হন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে হামাসকে "অবৈধ" দল উল্লেখ করে আব্বাস বলেন, "হামাসকে গাজায় অভ্যুত্থান অবসানের পাশপাশি সব আন্তর্জাতিক আইন-কানুন এবং আগাম নির্বাচন মেনে নিতে হবে। ওই সব মেনে নেওয়ার পরই কেবল আমরা কোনো আলোচনায় বসতে প্রস্তুত থাকব।" তিনি বলেন, "নতুন কোনো (সীমান্ত) চুক্তি আমরা মানব না।" এদিকে, হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশাল বুধবার রাতে কায়রো পৌঁছেছেন। বৃহস্পতিবার তার মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২১ঘ.