২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির গঠন বুঝতে ইঁদুরের মস্তিষ্কে ক্যামেরা!

স্মৃতিশক্তির গঠন বুঝতে পরীক্ষামূলকভাবে ইঁদুরের মস্তিষ্কে ক্যামেরা স্থাপন করেছেন জাপানের গবেষকরা। স্মৃতি কিভাবে তৈরি হয় তা বোঝাই এর লক্ষ্য। গবেষকরা আশা করছেন, কিছুদিনের মধ্যেই এই পদ্ধতি মানুষের ওপর প্রয়োগ করে পারকিনসন্স এর মতো রোগের চিকিৎসা করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 08:50 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

টোকিও,জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - স্মৃতিশক্তির গঠন বুঝতে পরীক্ষামূলকভাবে ইঁদুরের মস্তিষ্কে ক্যামেরা স্থাপন করেছেন জাপানের গবেষকরা। স্মৃতি কিভাবে তৈরি হয় তা বোঝাই এর লক্ষ্য। গবেষকরা আশা করছেন, কিছুদিনের মধ্যেই এই পদ্ধতি মানুষের ওপর প্রয়োগ করে পারকিনসন্স এর মতো রোগের চিকিৎসা করা যাবে। গবেষণাটি 'জার্নাল অব নিউরোসায়েন্স মেথোড' এবং 'সেন্সরস অ্যান্ড এ্যাকুয়াটর্স' এ প্রকাশিত হয়েছে বলে জানান জাপানের পশ্চিমাঞ্চলের 'নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র অধ্যাপক জুন ওহোতা। তিনি আরও জানান, গবেষণায় ব্যবহৃত ক্যামেরাটি খুবই ছোট আকৃতির। এটি লম্বায় ৩ মিলিমিটার বা ০ দশমিক ১ ইঞ্চি এবং চওড়ায় ২ দশমিক ৩ মিলিমিটার এবং গভীরতা ২ দশমিক ৪ মিলিমিটার। জাপানের কিনকি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে কাজ করার সময় ওহোতা ইঁদুরের মস্তিষ্কের হাইপোক্যাম্পাসে বিশেষ ওই ক্যামেরাটি স্থাপন করেন। এটি অর্ধ বিদ্যুৎ পরিবাহী এক ধরনের ক্যামেরা। এমনভাবে এটি তৈরি করা হয়েছে যে, ক্যামেরাটি মস্তিষ্কের স্মৃতি ধারণের ছবি তোলার সময় পর্দায় নীল আলো জ্বলে উঠবে। এছাড়াও গবেষকরা ইঁদুরের শরীরে এক বিশেষ ধরনের পদার্থ সঞ্চালন করেছেন। এর ফলে মস্তিষ্কের কাজ শুরু হওয়ামাত্র শরীর আলোকিত হয়ে উঠবে। ক্যামেরা সেই আলোর ছবি তুলবে এবং ছবি পর্দায় দেখা যাবে। ইঁদুরের হাঁটাচলা করার সময়ও ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করেছেন গবেষকরা। ওহোতা রয়টার্সকে জানান, "আমরা চিন্তা করছি এ পদ্ধতি কিভাবে মানুষের ওপর প্রয়োগ করা যায়। আমাদের খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কারণ, এটি মানুষের মস্তিষ্কে কোনোকিছু স্থাপন করার ব্যাপার।" এই প্রযুক্তি মানুষের ওপর প্রয়োগ করতে ১০ বছর সময় লেগে যাবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০৫ঘ.