কলম্বো, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে মঙ্গলবার স্থলমাইন বিস্ফোরণে একটি বেসামরিক বাসের আরোহী ১৪ ছাত্র-শিক্ষকসহ মোট ১৭ জন নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীকে দায়ী করেছে এলটিটিই। তবে এক সেনা মুখপাত্র টাইগার গেরিলাদের ওই দাবি নাকচ করে দিয়েছে।
'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) তাদের নিজস্ব ওয়েবসাইট 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট এলটিটিইপিএস ডট ওআরজি'-তে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে একটি স্কুলের অধ্যক্ষ ও দুই শিক্ষকসহ ১১ জন ছাত্র-ছাত্রী রয়েছেন। নিহত শিক্ষকদের একজন ক্যাথলিক ধর্মযাজিকা।
বিবৃতিতে বলা হয়, " শ্রীলংকা আর্মির ডিপ পেনিট্রেশন ইউনিট এর ক্লেমোর (মাইন) হামলায় একটি স্কুলবাসের আরোহী ১১ শিশুসহ ১৭ জন নিহত এবং আরও ১৭ শিশু ও শিক্ষক আহত হয়।"
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা গেরিলাদের এ দাবি নাকচ করে দিয়ে বলেন, "এগুলো বানানো গল্প। এতোসব বিস্তারিত জানার সুযোগ আমাদের নেই। কারণ, ঘটনাটি এমন এলাকায় ঘটেছে যেখানে এখনও আমাদের সেনা অভিযান শুরু হয়নি। ফলে এর দায়-দায়িত্ব এলটিটিই-কেই নিতে হবে।"
১৬ জানুয়ারি 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে সরকারের অস্ত্রবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েকশ' গেরিলাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সেনারা।
শ্রীলংকায় তামিল অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে তামিল গেরিলাদের সশস্ত্র সংগ্রামে ১৯৮৩ সাল থেকে প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24