বেইজিং, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ শীতের কবলে পড়েছে চীন। ভারী তুষারপাতে ঢাকা রয়েছে দেশটির মধ্য ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। বুধবারও প্রচণ্ড শীতের মধ্যে লাখ লাখ লোককে বিদ্যুৎ ও পানি সঙ্কটে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। রাস্তাঘাট ও রেলপথে বরফ জমে যাওয়ায় বিভিন্ন রেল স্টেশনে আটকা পড়ে রয়েছে আরও কয়েক লাখ যাত্রী। এদিকে, বিপর্যয়কর এ শীত আরও কমপক্ষে তিন দিন থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া।
(আরও তথ্যসহ)
চীনে দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় গত কয়েক দিনে প্রায় অর্ধশত লোকের প্রাণহানি হয়েছে। এদের ২৫ জন মঙ্গলবার মারা যায় পার্বত্য একটি রাস্তায় এক সড়ক দুর্ঘটনায়।
আগামী ৭ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষ কিংবা 'বসন্ত উৎসব' এর ছুটির ঠিক আগে আটকে পড়া ঘরমুখী যাত্রীদের এ ভোগান্তির জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
মধ্য, পূর্ব ও দক্ষিণ চীনের বেশ কিছু এলাকায় গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র শীত দেখা দিয়েছে। অস্বাভাবিক এ বরফশীতল তামপাত্রার পাশপাশি সেখানে হচ্ছে বৃষ্টিসহ ভারী তুষারপাত। এর ফলে সেসব এলাকায় আটকা পড়ে আছে কয়লা, খাদ্য ও যাত্রীবাহী হাজার হাজার ট্রাক ও ট্রেন।
রাষ্ট্রীয় টেলিভিশনকে ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা ওয়াং ঝেনিয়াও বলেছেন, "অতীতে আমরা যেসব বিপর্যয় মোকাবেলা করেছি বা ১৯৯৮ সালের বন্যার চেয়ে এ তুষার বিপর্যয় মোকাবেলা আরও বেশি জটিল হয়ে দেখা দিয়েছে।"
১৯৯৮ সালের ওই বন্যায় চীনের দীর্ঘতম নদী ইয়াংজির পানি উপচে গিয়েছিল এবং তাতে তিন হাজারের বেশি লোকের প্রাণহানি হয়েছিল। অবশ্য, তখন ত্রাণ তৎপরতা চালানো সম্ভব হয়েছিল।
ত্রাণ কর্মকর্তা ঝেনিয়াও বলেন, "বন্যা মোকাবেলা করার জন্য আমরা লাখ লাখ সেনা মোতায়েন করতে পারি। কিন্তু এখন আমরা কারও কাছেই ত্রাণ নিয়ে যেতে পারছি না।"
বরফে রাস্তাঘাট এবং রেলপথ অবরুদ্ধ হয়ে যাওয়ায় কয়লা সরবরাহও বন্ধ হয়ে গেছে। এর ফলে সৃষ্ট জ্বালানি সঙ্কটের কারণে চীনের ৩১টি প্রদেশ ও প্রাদেশিক-মর্যাদার শহরের ১৭টিতে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সঙ্কট।
সরকারি পত্রিকা গুয়াংঝউ ডেইলি বুধবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রে আর মাত্র দুই দিনের কয়লা মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ নৌযানে করে জরুরি ভিত্তিতে কয়লা সরবরাহর পদক্ষেপ নিয়েছে।
বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় হুবেই, গুইভউ ও জিয়ংঝি প্রদেশের ৫০ লাখের বেশি লোক পানি সঙ্কটে রয়েছেন এবং গুইঝউ প্রদেশের বেশ কিছু এলাকা গত দুই সপ্তাহ ধরে বিদ্যুৎহীন রয়েছে।
প্রধানমন্ত্রী ওয়েন একটি মেগাটেলিফোনের মাধ্যমে দক্ষিণ চীনের চাংশা স্টেশনে আটকে পড়া রেলযাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "অক্ষমতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা রেল স্টেশনে আটকা পড়েছেন এবং আগেভাগে বাড়ি যেতে পারছেন না। যোগাযোগ ব্যবস্থা ঠিক করার জন্য আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি। বসন্ত উৎসব পালনের জন্য আপনারা বাড়ি যেতে পারবেন।"
বসন্ত উৎসবের জন্য গুয়াংডংয়ের অভিবাসী শ্রমিকদেরকে বাড়িতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসী শ্রমিকদের কাছে লেখা সরকারের এক খোলা চিঠির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, "গুয়াংডং আপনাদেরও বাড়ি এবং কয়েক দশকের মধ্যকার এ ভয়াবহ শীত বিপর্যয় একত্রে মোকাবেলা করতে দিন।"
দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া সব বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে।
তবে বিভিন্ন স্টেশন ও মহাসড়কে এখনও আটকা পড়ে আছে লাখ লাখ লোক। সিনহুয়া জানিয়েছে, "গুয়াংঝউ, সাংহাই, হাংঝউ, বেইজিং, জিনান ও কুনমিং রেল কর্তৃপক্ষ টিকিট বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং বিক্রিত টিকিটও ফেরত নিচ্ছে।"
সিনহুয়া আরও জানায়, "কিন্তু অধিংকাশং যাত্রীই টিকিট ফেরত নিতে যাচ্ছেন না। কারণ, তারা আশা করছেন শিগগির হয়তো রেল যোগাযোগ শুরু হবে।"
সরকারি বেতার কেন্দ্র জানিয়েছে, চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে ট্রেন আসতে শুরু করেছে এবং বুধবার নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24