লন্ডন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানা ও তার প্রেমিক দোদি আল-ফায়েদ তাদের জীবনের শেষ দিনগুলোতে প্রচণ্ড নিরাপত্তা সমস্যায় ভুগতেন। ডায়ানা মৃত্যু তদন্তে গঠিত লন্ডনের আদালতকে মঙ্গলবার তাদের এক দেহরক্ষী একথা জানিয়েছেন।
দেহরক্ষী কিরান উইংফিল্ড আদালতকে জানান, ডায়ানার নিরাপত্তার জন্য কর্মচারি বাড়ানোর জন্য তার অনুরোধ উপেক্ষা করা হয়েছিল। এছাড়া তাদের ভ্রমন পরিকল্পনা সম্পর্কে দোদি আগে থেকে নিরাপত্তারক্ষীদের কিছুই জানাতেন না বলে তিনি অভিযোগ কররেন।
১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডায়ানা ও তার প্রেমিক ফায়েদ তাদের গাড়িচালকসহ নিহত হন।
মৃত্যুর আগে ডায়ানা ও দোদির দক্ষিণ ফ্রান্স ও প্যারিস ভ্রমণের সময় উইংফিল্ড ও অপর দেহরক্ষী ট্রিভর রিস তাদের নিরাপত্তায় দৈনিক ১৮ ঘন্টা কাজ করত।
উইংফিল্ড আদালতকে বলেন, "দোদি তাদের পরিকল্পনা সম্পর্কে আমাদের আগে থেকে কিছুই জানাতেন না।"
তিনি আরও বলেন, "আপনি যার জন্য কাজ করবেন, আপনার ওপর তার বিশ্বাস থাকা খুবই দরকার। তা না হলে আপনার কাজ অনেক কঠিন হয়ে পড়বে।"
রয়্যাল ম্যারিন ফোর্সের সাবেক সদস্য উইংফিল্ড জানান, ডায়ানা ও দোদিকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার জন্য কমপক্ষে আটজন লোক দরকার ছিল। কিন্তু দোদির বাবা মোহমদ আল-ফায়েদ মনে করতেন দু'তিন জনেই সেটা সম্ভব।
তিনি বলেন, "দোদির বাবা প্রায় সময় অসংলগ্ন কথাবর্তা বলতেন। তিনি কখনো প্রিন্স ফিলিপকে নিয়ে কথা বলছেন আবার কখনো ব্রিটিশ সরকার নিয়ে কথা বলছেন। তিনি প্রচণ্ড গালিগালাজও করতেন।"
মোহমদ আল-ফায়েদ অভিযোগ করে আসছেন ব্রিটিশ রাজ পরিবার ষড়যন্ত্র করে ডায়ানা ও দোদিকে হত্যা করেছে। কেননা ডায়ানা সন্তানসম্ভবা ছিলেন এবং রাজ পরিবার চাইনি মুসলমান পিতার ঔরসে ডায়ানার সন্তানের জন্ম হোক।
দোদির বাবা অভিযোগ করেন, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ডায়ানা ও দোদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
উইংফিল্ড বলেন, "আমার কোনো সন্দেহ নেই সড়ক দুর্ঘটনানেই ডায়ানা ও ফায়েদের মৃত্যু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৫০ ঘ.
bdnews24