নাইরোবি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, আগামী চার সপ্তাহের মধ্যে কেনিয়া সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে বর্তমান সহিংসতার জন্য দায়ী পেছনের বড়বড় সমস্যাগুলোও এক বছরের মধ্যে সুরাহা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে সরকার ও বিরেধীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতা শুরুর প্রথম দিন মঙ্গলবার কফি আনান বলেন, "আমরা আশাবদী এক বছরের মধ্যে সকল সমস্যার সমাধান করতে পারব। এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।"
প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধীদলীয় নেতা রেইলা ওডিঙ্গাকে দুপাশে নিয়ে কফি আনান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতা শুরু করেন। এ সময় তিনি বলেন, "সমস্যা অনেক বড় এবং কেনিয়ার সামাজিক ও অর্থনীতিতে ইতিমধ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে।"
তিনি আরও বলেন, "আজ এখানে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, সহিংসতায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটি ধ্বংস হতে চলেছে। এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ আপনারা নেবেন, এটাই জনগণ চায়।"
কফি আনানের মধ্যস্থতায় আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে একটা সমাধানে পৌঁছাতে কেনিয়ার সরকার ও বিরোধী দু'পক্ষকেই আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব।
কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত আটশ'র বেশি লোক মারা গেছে। বিরেধীদের অভিযোগ, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে মাওয়ি কিবাকি বেসামরিক অভ্যুত্থাণ ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.
bdnews24