২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র 'পানিতে চুবিয়ে' নির্যাতন করত: নেগ্রোপন্টের স্বীকারোক্তি

সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিআইএ 'ওয়াটারবোর্ডিং' বা 'পানিতে চুবিয়ে জিজ্ঞসাবাদ' করত বলে স্বীকার করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান জন নেগ্রোপন্টে। তবে এখন আর ওই পদ্ধতি ব্যবহার করা হয় না বলেও দাবি করেছেন তিনি। বিতর্কিত এই জিজ্ঞসাবাদ পদ্ধতি ব্যবহার সম্পর্কে বুশ প্রশাসনের কারও সবচেয়ে পরিস্কার স্বীকারোক্তি এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিআইএ 'ওয়াটারবোর্ডিং' বা 'পানিতে চুবিয়ে জিজ্ঞসাবাদ' করত বলে স্বীকার করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান জন নেগ্রোপন্টে। তবে এখন আর ওই পদ্ধতি ব্যবহার করা হয় না বলেও দাবি করেছেন তিনি। বিতর্কিত এই জিজ্ঞসাবাদ পদ্ধতি ব্যবহার সম্পর্কে বুশ প্রশাসনের কারও সবচেয়ে পরিস্কার স্বীকারোক্তি এটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্সের সাবেক প্রধান এবং বর্তমান উপপররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে ন্যাশনাল জার্নাল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সাক্ষাৎকারটি ২৫ জানুয়ারি প্রকাশিত হয়। ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার পর জাতীয় গোয়েন্দা প্রধানের এ পদটি সৃষ্টি করেন বুশ। ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নেগ্রোপন্টে। সিআইএ'র ওই বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি ব্যবহার এবং সামগ্রিক জিজ্ঞাসাবাদ কৌশল নিয়ে বুধবার মার্কিন সিনেটের বিচার বিভাগীয় পরিষদের কাছে একটি পর্যালোচনা হাজির করার কথা অ্যাটর্নি জেনারেল মাইকেল মুকাসে'র। তার ঠিক আগেই উপপররাষ্ট্রমন্ত্রী নেগ্রোপন্টের এ মন্তব্য প্রকাশিত হল। জিজ্ঞাসাবাদ কৌশল নিয়ে চলমান বিতর্কের কারণে যুক্তরাষ্ট্রের "যুদ্ধ পরিকল্পনা" ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না - সাময়িকীটির এমন প্রশ্নের জবাবে নেগ্রোপন্টে বলেন, "জিজ্ঞাসাবাদ কৌশল ইস্যুটির বিহিত করতে ব্যবস্থা নিয়েছি আমরা। এবং এটা ঠিক যে গত কয়েকবছরে এ পদ্ধতি ব্যবহার করা হয়নি।" নেগ্রোপেন্ট বলেন, " আমি যখন জাতীয় গোয়েন্দা পরিচালক ছিলাম তখন এমনকি তার আগের কয়েক বছরের মধ্যেও ওই পদ্ধতি ব্যবহার করা হয়নি।" তিনি বলেন, " আমি এটা ভেবে অবাক হই যে আমরা খুব বেশি পেছন ফিরে তাকাচ্ছি এবং প্রায়ই পেছনের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, এমনকি তা চার থেকে ছয় বছর আগের বিষয় নিয়েও।" সিআইএ নেগ্রোপন্টের মন্তব্য নিয়ে কথা বলতে রাজি হয়নি। প্রেসিডেন্ট বুশ বরাবরই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্র নির্যাতন করে না। কিন্তু জিজ্ঞাসাবাদে কি পদ্ধতি ব্যবহার করা হয় তা নিয়ে কখনওই কথা বলতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.