ইসলামাবাদ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে সোমবার ২৫০ জন স্কুল শিক্ষার্থীকে জিম্মি করার পর তাদের মুক্তি দিয়ে আত্মসমর্পণ করেছে বন্দুকধারীরা। এক সরকারি মুখপাত্র একথা জানিয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাভেল ইকবাল চেমা জিও টেলিভিশনে বলেন, "সশস্ত্র দুর্বৃত্তরা আদিবাসী বায়োজ্যষ্ঠ পরিষদ জির্গার কাছে আত্মসমর্পণ করেছে। স্কুল শিক্ষার্থীদের কেউ হতাহত হয়নি।"
এর আগে বান্নু শহরের এক অধিবাসী রিয়াজ জানান, নিরাপত্তা বাহিনী স্কুলচত্বর থেকে সরে যাওয়ায় জিম্মিকারীরা শিশুদের মুক্তি দিয়েছে। তিনি শিশুদের স্কুল থেকে বেরিয়ে আসতে দেখেছেন বলে জানান।
স্থানীয় পুলিশ প্রশাসন প্রাথমিক খবরে জানায়, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরে পুলিশের সঙ্গে এক সংঘর্ষের পর একটি স্কুলে আশ্রয় নেয় বন্দুকধারীরা। তারপর তারা স্কুলটির শিক্ষার্থীদের জিম্মি করে। সংঘর্ষে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল স্কুলে ২৫জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ নওয়াজ জানিয়েছেন আরও বেশি সংখ্যক শিক্ষার্থী স্কুলে আটক আছে।
নওয়াজ রয়টার্সকে বলেন, "২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী এবং প্রায় সাত জন সন্ত্রাসবাদী স্কুলে রয়েছে। সংকট সমাধানে প্রাদেশিক সরকার জিম্মিকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন।
বন্দুকধারীরা এলাকা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।
এদিকে, পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী দুটি এলাকায় জঙ্গিদের সঙ্গে ব্যাপক লড়াই চলছে। সংঘর্ষে সেনাবাহিনীর একজন নিহত ও নয়জন আহত হয়েছে।
অপরদিকে, পাকিস্তানের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাতে আদিবাসী অধ্যুষিত ওরাকজাই এলাকায় এক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া, আলাদা এক হামলায় উত্তর ওয়াজিরিস্তানে দুই সেনা সদস্য মারা গেছে।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও সোয়াট উপত্যকা এলাকায় রোববার রাতে দুই পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে ইসলামাবাদে লাল মসজিদ সংঘর্ষের ঘটনার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মারা যাওয়ার পর থেকে পাকিস্তানের অভ্যন্তরীন পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/এলকিউ/১৯৩০ ঘ.
bdnews24