২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দশক পর ইরান-মিসর কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা

তিন দশক পর মিসরের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি সোমবার একথা জানিয়েছেন। ১৯৭৯ সালের 'ইসলামিক বিপ্লবে' ইরানের ক্ষমতাচ্যুত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নির্বাসিত জীবন-যাপনের জন্য আশ্রয় দেওয়ার পর কায়রোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেহরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

তেহরান, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন দশক পর মিসরের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি সোমবার একথা জানিয়েছেন। ১৯৭৯ সালের 'ইসলামিক বিপ্লবে' ইরানের ক্ষমতাচ্যুত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নির্বাসিত জীবন-যাপনের জন্য আশ্রয় দেওয়ার পর কায়রোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেহরান। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী মধ্যপ্রাচ্যের এ দুটি দেশের মধ্যে বর্তমানে সীমিত পর্যায়ে প্রতিনিধিত্বমূলক কূটনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক যোগাযোগ থাকলেও কোনো দেশেই অন্যের দূতাবাস কিংবা রাষ্ট্রদূত নেই। তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি সোমবার বলেছেন, " মিসরের সঙ্গে পুনরায় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে চলে এসেছি আমরা।" মোত্তাকি বলেন, "আমার প্রতিনিধি এখন ইরানে আছেন। তিনি মিসরের পরারাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিশেষ বার্তা নিয়ে গেছেন। এখন থেকে ইরান ও মিসরের সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।" তবে কবে নাগাদ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ওদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সম্পর্কে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরুর শর্ত হিসেবে আনোয়ার সাদাতের ঘাতককে ইরানে শ্রদ্ধা জানানো বন্ধের আহ্বান জানায় মিসর। আনোয়ার সাদাত ইরানের শাহকে আশ্রয় দেওয়ায় তার প্রতি ঘৃণা প্রকাশ করতে সাদাতের ঘাতকের নামে রাজধানী তেহরানের একটি রাস্তার নামকরণ করে ইরান। একইসঙ্গে একটি নগরচত্বরে ওই ঘাতকের প্রতিকৃতির বিশাল মুর‌্যাল স্থাপন করে ইরান। মিসর বলেছে, সম্পর্ক স্থাপন করতে হলে ওই রাস্তার নাম বদলাতে হবে এবং ওই মুর‌্যাল ভেঙ্গে ফেলতে হবে। গত সপ্তাহে মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরাসরি টেলিফোন আলাপের পরপরই দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আহমাদিনেজাদ ও মুবারক ফিলিস্তিন-ইসরায়েল সংকট এবং অন্যান্য আঞ্চলিক সমস্যা সমাধান নিয়ে মতবিনিময় করেন। ভৌগলিক অবস্থান এবং কৌশলগত রাজনৈতিক বিবেচনায় মিসর-ইরান সম্পর্ককে মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৫ ঘ.