সোলো, ইন্দোনেশিয়া, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক হাজি মোহাম্মদ সুহার্তোকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক সমাধিক্ষেত্রে স্ত্রী তিয়েনের পাশে সমাহিত করা হয়েছে। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো সুহার্তোর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই এ অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন।
সোমবার সকালেই বিমানযোগে রাজধানী জাকার্তা থেকে মধ্য জাভার রাজকীয় শহর সোলোতে পৌঁছায় ইন্দোনেশিয়ার জাতীয় পতাকায় মোড়ানো সুহার্তোর কফিন। এরপর গাড়িতে করে তা নিয়ে যাওয়া হয় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বের গিরিবানগুনে অবস্থিত সুহার্তোর পারিবারিক সমাধিক্ষেত্রে।
সুহার্তোর শেষকৃত্যানুষ্ঠান প্রক্রিয়া দেখার জন্য সোলো শহর এবং শহরটি থেকে সুহার্তোর পারিবারিক সমাধিক্ষেত্র অভিমুখী রাস্তার দুই পাশে হাজার হাজার লোক উপস্থিত হয়। তাদের অনেকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে সুহার্তোর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
সামাজিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখে ১৯৯৮ সালের গণবিক্ষোভের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো। এরপর তিনি দীর্ঘদিন বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ গত রোববার ৮৬ বছর বয়সে রাজধানী জাতার্কার পার্তামিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।
সুহার্তোর মৃত্যু তার ৩২ বছরের শাসন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তার শাসনামলে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক উন্নতি ও স্থিতিশীলতার জন্য অনেকে তাকে দূরদৃষ্টিসম্পন্ন শাসক হিসাবে অভিহিত করছেন। অন্যদিকে সীমাহীন দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্যও তিনি সমালোচিত হচ্ছেন ব্যাপকভাবে।
সুহার্তোকে সমাহিত করার প্রক্কালে প্রেসিডেন্ট ইয়োধোইয়োনো বলেন, "ইন্দোনেশিয় জাতি ও সেনাবাহিনীর পক্ষে আমি হাজি মুহাম্মদ সুহার্তোর দেহ ও আত্মা মাতৃভূমির মাটিতে সমর্পণ করছি।"
এরপর সুহার্তোর কফিন তার সমাধিতে নামানো হয় এবং কামান দেগে একবার তোপধ্বনি করা হয়।
সুহার্তোকে তার স্ত্রী তিয়েনের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। তিয়েন ১৯৯৬ সালে মারা যান।
এর আগে রাজধানী জাকার্তায় অবস্থিত সুহার্তোর বাসভবনে তার কফিন নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার সাদা শবযান নিয়ে যাওয়া হয় সামরিক বিমানবন্দরে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার লোক তাকে শ্রদ্ধা জানান।
শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষ্যে সুহার্তোর পারিবারিক সমাধিক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশি অতিথিদের জন্য সেখানে নীল ও সাদা রঙের তাবু টানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫৮ ঘ.
bdnews24