জাকার্তা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর মৃত্যুতে শোক প্রকাশ করে তার আমলে দেশটিতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। তবে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়ায় তার দীর্ঘ শাসনামলে গুরুতর মানবাধিকার লঙ্গনের বিষয়টিও এসেছে।
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী কেভিন রুড এক বিবৃতিতে বলেন, "সাবেক প্রেসিডেন্ট সুহার্তো গত শতকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের একজন। অস্ট্রেলিয়া অঞ্চল ও তার বাইরেও তার বেশ প্রভাব ছিল।"
তিনি আরও বলেন, "তবে মানবাধিকার লঙ্ঘন ও পূর্ব তিমুরে আগ্রাসনের জন্য অনেকেই তার নিন্দা করেন।"
ইন্দোনেশিয়ার অন্যতম প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "সুহার্তোর মৃত্যুতে ইন্দোনেশীয় জনগণের সঙ্গে সিঙ্গাপুরও শোক প্রকাশ করছে।"
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি জানান, সুহার্তোর মৃত্যু উভয় দেশের জন্য বড় ক্ষতি।
সুহার্তোর জনপ্রিয় নাম 'পাক হার্তু' উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, "তার আত্মার শান্তি কামনা করে আমরা মহান আল্লাহর কাছে প্রর্থনা করছি।"
সুহার্তোর শাসনামলে প্রায় দুই দশক ধরে ক্ষমতায় ছিলেন, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ। তিনি বলেন, "সুহার্তোকে আমি মালয়েশিয়া ও আমার নিজের বন্ধু বলেই জানতাম।"
তিনি আরও বলেন, "যদিও সুহার্তোর আমরে ইন্দোনেশিয়ায় প্রকৃত গণতন্ত্র ছিল না, কিন্তু দেশ স্থিতিশীল ছিল। তবে তার জন্য অনেককে মূল্য দিতে হয়েছে।"
ইন্দোনেশিয়ার সাবেক ঔপনিবেশিক শাসক নেদারল্যান্ডও সুহার্তোর সময়ের স্থিতিশীলতার প্রশংসা করেছে।
নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম ভেরহ্যাগেন বলেন, "সুহার্তোর শাসনামলে ইন্দোনেশিয়া দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ছিল। এই সময়ে বিশেষ করে ৮০'র দশকে দ্রুতগতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24