২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি এ বছরই সম্ভব: ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশের জনগণই শান্তি চায় এবং তিনি বিশ্বাস করেন চলতি বছরেরই শান্তিচুক্তি হওয়া সম্ভব। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে শনিবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ডাভোস, সুইজারল্যান্ড, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশের জনগণই শান্তি চায় এবং তিনি বিশ্বাস করেন চলতি বছরেরই শান্তিচুক্তি হওয়া সম্ভব। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে শনিবার তিনি একথা বলেন। ব্লেয়ার রয়টার্সকে বলেন, "সবাই যদি চায় তাহলে এ বছরেই শান্তিচুক্তি সম্ভব বলে আমি মনে করি।" ব্লেয়ার যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উদ্যোগে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির প্রতিনিধি। তিনি বলেন, "দুপক্ষই কি চায় এবং চুক্তির মূল শর্তগুলো কি হওয়া উচিৎ এটা নির্ধারণ করা অসম্ভব নয়। কাজেই শান্তি চুক্তি আশা করাই যায়।" তিনি আরও বলেন, "তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো রাজনীতিবীদদের তাদের জনগণকে বিশ্বাস করাতে হবে যে, চুক্তি হলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে এবং ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ঘটবে।" তিনি জানান, শান্তি চুক্তির জন্য দুটি বিষয়কে জোর দিতে হবে। আর তা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা ও ফিলিস্তিনে দখলদারিত্ব। তিনি বলেন, "এই বিষয়গুলোতে যদি দূরত্ব কমিয়ে আনা যায় তাহলে খুব দ্রুত শান্তি চুক্তি করা সম্ভব।" ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি গত বৃহস্পতিবার জানিয়েছেন, শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সময়সীমার সঙ্গে তিনি একমত নন এবং ফিলিস্তিনকে দেখাতে হবে যে, স্বাধীন একটি রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের আছে। তবে ফিলিস্তিন প্রধানমন্ত্রী সালাম ফায়েদ বলেছেন, শান্তি চুক্তির সময়সীমা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত তারা এ ব্যাপারে আশান্বিত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২০ ঘ.