ডাভোস, সুইজারল্যান্ড, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়র্টার্স)- চলতি সপ্তাহে ডাভোসে বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের আলোচনা বহু বিলম্বিত বিশ্ব বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে গতি সঞ্চার করবে। ডাভোস সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ বাণিজ্য প্রতিনিধি শনিবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সুসান সোয়াব রয়র্টার্সকে বলেন, "বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্য চুক্তি খুবই জরুরি এবং এ ব্যপারে আমরা আশাবাদী। ডাভোসের আলোচনা এ ক্ষেত্রে গতি সঞ্চার করতে পারে। "
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আসন্ন দোহা রাউন্ড সফল করতে খুবই আন্তরিক।"
দাভোসে বিশ্ব বাণিজ্য সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা চলছে।
বিশ্ব বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে শনিবার দুপুরে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রধান প্যাসকাল লেমির সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের আলোচনার কথা রয়েছে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার জানান, দোহা রাউন্ড শেষ করার জন্য পরিবেশ অনুকূল বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা ও প্রশাসনে রদবদলের ফলে ২০০১ সালে উত্থাপিত এই প্রস্তাব স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রে আরও দেরী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24