২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো নিয়ে অচলাবস্থা বিপদ ডেকে আনতে পারে: বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শুক্রবার বলেছেন, কসোভোর স্বাধীনতা প্রশ্নে নিরাপত্তা পরিষদ গভীরভাবে দ্বিধাবিভক্ত এবং এ অচলাবস্থা বিপদ ডেকে আনতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ব্রদো, স্লোভেনিয়া, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন শুক্রবার বলেছেন, কসোভোর স্বাধীনতা প্রশ্নে নিরাপত্তা পরিষদ গভীরভাবে দ্বিধাবিভক্ত এবং এ অচলাবস্থা বিপদ ডেকে আনতে পারে। ওদিকে কসোভোর আলবেনীয় বংশোদ্ভুত নেতারা বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সার্বিয়া থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারেন তারা। কার্যত সার্বিয়ার নিয়ন্ত্রণহীন হয়ে পড়া কসোভো প্রদেশটির ২০ লাখ জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই আলবেনীয় বংশোদ্ভূত। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে তার প্রধান মিত্রদের প্রায় সবাই কসোভোর স্বাধীনতার প্রয়াসকে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকলেও বেলগ্রেড এবং তাদের প্রধান মিত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাশিয়া কসোভোর স্বাধীনতার বিরোধিতা করে আসছে। এ পরিস্থিতির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘ মহাসচিব বলেন, "কসোভোর অগ্রগতি প্রশ্নে নিরাপত্তা পরিষদের এ গভীর বিভক্তির নিয়ে আমি আমার উদ্বেগের কথা জানিয়েছি। কসোভোর জন্য এ পরিস্থিতি বিপজ্জনক।" স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বান কি মুন এসব কথা বলেন। তিনি বলেন, "এ অচলাবস্থা চলতে থাকলে এ পরিস্থিতি তার নিজের মতো চলতে থাকতে পারে--- আর তা হবে খুবই বিপজ্জনক।" কসোভোয় একটি পুলিশী এবং বিচার ব্যবস্থা চালুর জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি প্রস্তাবকে তিনি সমর্থন করেন কি না, কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রস্তাবনার কাঠামোয় তা বৈধ হবে কি না সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘ মহাসচিব। আগামী ফেব্র"য়ারি থেকে ওই ব্যবস্থা চালু করতে চাইছে ইইউ। বিশ্লেষকরা বলছেন, ৩ ফেব্র"য়ারি সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়দফা ভোট গ্রহণের ফলাফল দেখার পরই ফেব্র"য়ারি কিংবা মার্চে কসোভো স্বাধীনতার ঘোষণা করতে পারে। ওই নির্বাচনের প্রথমদফা ভোটে রুশপন্থী বলে পরিচিত বিরোধীদলীয় নেতা নিকোলিক প্রেসিডেন্ট বরিস তাদিকের চেয়ে এগিয়ে আছেন। ওদিকে, কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচি বৃহস্পতিবার ব্রাসেলসে বলেছেন, কসোভোর স্বাধীনতা ঘোষণার বিষয়টি "একটি সময়ের ব্যাপার মাত্র"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.