ক্যানবেরা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিকিৎসকদের মতে, কারো রক্তের গ্রুপ বদলে যাওয়ার মতো ঘটনা ছয়শ' কোটিতে একবার ঘটলেও ঘটতে পরে। এরকম 'প্রায় অসম্ভব' ঘটনাই ঘটেছে অস্ট্রেলীয় পঞ্চদশী ডেমি-লি ব্রেনানের ক্ষেত্রে। যকৃত (লিভার) প্রতিস্থাপনের পর বদলে গেছে তার রক্তের গ্র"প। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাও পাল্টে গেছে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা সাময়িকি 'দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন' গত বৃহস্পতিবার ব্রেনানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রক্তের গ্র"প বদলে যাওয়ার এমন ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আর নেই।
অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলীয় শহর গেরোয়ার স্কুল ছাত্রী ডেমি-লি ব্রেনানের বয়স যখন নয়, ভাইরাস সংক্রমণে তার যকৃত অকার্যকর হয়ে যায়। জীবন শঙ্কা দেখা দেয় ব্রেনানের। এ অবস্থায় সিডনির ওয়েস্টমেড শিশু হাসপাতালের চিকিৎসকরা ১২ বছরের এক বালকের যকৃত প্রতিস্থাপন করে ব্রেনানের দেহে।
অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার দেহ যাতে নতুন অঙ্গের সঙ্গে মানিয়ে নিতে পারে সেজন্য দীর্ঘদিন রোগীকে 'অ্যান্টি রিজেকশন ড্রাগ' গ্রহণ করতে হয়। হাসপাতাল ছাড়ার সময় ব্রেনানকেও এই ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের ৯ মাস পর অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি হন ব্রেনান। কিন্তু তার রক্ত পরীক্ষা করতে গিয়ে চমকে যান চিকিৎসকরা। প্রথমে তারা ভেবে নেন, কোথাও ভুল হয়েছে। কিন্তু বার বার পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, ব্রেনানের রক্তের গ্র"প 'ও নেগেটিভ' থেকে বদলে হয়ে গেছে যকৃত দাতার অনুরূপ, অর্থাৎ 'ও পজেটিভ'। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাও একইভাবে পাল্টে গেছে।
চিকিৎসকরা দেখতে পান, নতুন যকৃতটি ব্রেনানের দেহে বেশ ভালোভাবেই মানিয়ে গেছে। কেবল তাই নয়, নতুন যকৃতের স্টেম সেল ব্রেনানের অস্থিমজ্জার নিয়ন্ত্রণভার নিয়ে নেয় এবং এতে করে রক্তের গ্র"প পাল্টে যাওয়ার পাশাপাশি বদলে যায় দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাও।
এই অবিশ্বাস্য ঘটনার পর অ্যান্টি-রিজেকশান ড্রাগ ছাড়াই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকেন ব্রেনান। স্থানীয় সাংবাদিকদের বৃহস্পতিবার তিনি বলেন, "আমার কাছে এটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো।"
অবশ্য ওয়েস্টমিড শিশু হাসপাতালের চিকিৎসকদের কাছে ব্রেনানের এভাবে সুস্থ হয়ে ওঠার কোনো ব্যাখ্যা নেই।
ওই হাসপাতালের রক্ত প্রতিস্থাপন বিভাগের সাবেক প্রধান স্টুয়ার্ট ডর্নি বলেন, "ব্রেনানের বিষয়টি অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সাধারণত গ্রহীতার দেহের প্রতিরোধ ব্যবস্থা প্রতিস্থাপিত কোষগুলোকে গ্রহণ করতে চায় না। কিন্তু ব্রেনানের ক্ষেত্রে ঘটেছে এর উল্টোটা।"
তিনি বলেন, "আমরা প্রতিস্থাপনের জন্য একজন অল্প বয়সীর যকৃত ব্যবহার করেছিলাম। আর ব্রেনানের রক্তে শ্বেত কণিকার সংখ্যাও কম ছিল। তার সুস্থ হয়ে ওঠার পেছনে এটা একটা কারণ হতে পারে।"
ব্রেনানের ক্ষেত্রে ঠিক কী ঘটেছে তার চুলচেরা বিশ্লেষণের পর অন্য কারো ক্ষেত্রে তা কার্যকর করা সম্ভব কি না তাই এখন গবেষণার বিষয় হওয়া উচিৎ বলে মনে করেন ডর্নি।
চিকিৎসকদের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি দশটি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সফল হয় সাতটি। তবে এ জন্য রোগীকে পাঁচ বছর পর্যবেক্ষণে রাখতে হয়।
অস্ত্রপচারের ৬ বছর পর ডেমি-লি ব্রেনান এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিক খেলাধূলার পাশাপাশি স্কুলের লেখাপড়া শেষ করা নিয়েই আপাতত ব্যস্ত সে। পাশাপাশি 'অস্ট্রেলিয়ান আইডল' প্রতিযোগিতার প্রস্তুতিও থেমে নেই এই রক গায়িকার।
স্থানীয় সাংবাদিকদের বৃহস্পতিবার সে বলে, "আমারতো সবকিছু স্বাভাবিকই মনে হয়। অঙ্গ প্রতিস্থাপনের মতো কোনো ঘটনা আমার জীবনে ঘটেছে বলেও মনে হয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24