কোহাত, পাকিস্তান, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকায় শুক্রবার তালেবানপন্থী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জঙ্গি ও দুই সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর জন্য গোলাবালারুদ ও মালামাল ভর্তি চারটি ট্রাক জঙ্গিরা ছিনিয়ে নেওয়ার একদিন পর শুক্রবার পেশোয়ার শহরের নিকটবর্তী আদিবাসী দাররা আদম খিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটল।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষে ২৫ থেকে ৩০ জঙ্গি নিহত হয়েছে।
ছোট্ট শহর দাররা আদম খিল পাকিস্তানের অস্ত্রের রাজধানী হিসেবে পরিচিত। এখানকার পশতুন আদিবাসীরা কয়েক পুরুষ ধরে রাইফেল, পিস্তল ও শর্টগানসহ বিভিন্ন অস্ত্র বানিয়ে আসছে।
চোরাকারারীদের জন্য এই শহরটি অভয়ারণ্য হলেও পাকিস্তানের আন্যান্য আদিবাসী এলাকার তুলনায় আফগান সীমান্তবর্তী এই এলাকায় এতদিন বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যদিও তালেবানপন্থী জঙ্গিরা গত কয়েক মাস ধরে এখানে তাদের তৎপরতা বাড়িয়েছে। তারা কিছু ক্যাসেটের দোকানে হামলা চালিয়েছে।
গত এক সপ্তাহে আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় দেড়শ' জঙ্গি ও ২০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।
পাকিস্তান সরকার জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার পেছনে মেহসুদের হাত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.
bdnews24