ওয়াশিংটন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসলামী জঙ্গিদের দমন করতে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সহযোগি হিসেবে লড়তে সেনা সদস্য পাঠানোর আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, "জঙ্গি দমনে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীকে সহায়তার জন্য আমরা আগ্রহী এবং প্রস্তুত।"
তিনি জানান, পাকিস্তান এ ব্যাপারে কোনো অনুরোধ জানায়নি এবং যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। তবে পাকিস্তানকে এ ব্যপারে আরও সরাসরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তৈরি।
ইরাক ও আফগানিস্তানে ইসলামী জঙ্গিদের মোকাবেলা করতে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছে মার্কিন সেনাবাহিনীকে। এছাড়া পাক-আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অনুপ্রবেশও মার্কিন বাহিনীর দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। সীমান্তবর্তী ওই এলাকাগুলো তালেবান ও আল কায়েদা জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।
গেটস বলেন, "আমার মনে হয় এটা ভাবা ভুল হবে যে, জঙ্গিরা শুধু পাকিস্তানকে লক্ষ্য হিসেবে নিয়েছে। বরং ইউরোপ ও আমাদের জন্যও এ হুমকি বাড়ছে।"
আল কায়েদার বিরুদ্ধে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ব্যপারে জানতে চাওয়া হলে গেটস বলেন, "যদি পাকিস্তান সরকার এটা করতে চায়, তাহলে আমরাও সম্ভবত রাজি এ ব্যাপারে।"
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে।
পাকিস্তানের সঙ্গে কোনো ধরনে যৌথ সামরিক অভিযানে ছোট সৈন্য বাহিনী পাঠানোর কথা জানিয়েছেন গেটস। তবে সৈন্য সংখ্যার ব্যাপারে তিনি নির্দিষ্টভাবে কিছু বলেননি।
এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর তালেবানদের থেকে সমর্থন প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ১০ বিলিয়ন ডলারের সাহায্য দেয়।
ইউএস মিলিটারি জয়েন্ট চিফ অফ স্টাফস এর চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন জানান, জঙ্গিদের দমন করতে সামরিক বাহিনীর সামর্থ্য আরও বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কাইয়ানি। "সমস্যা সমাধানে আমরা অনেকখানি সাহায্য করতে পারবো বলে মনে করি।"
আফগান অঞ্চলের সামরিক প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ফ্যালন এবং আশফাক কাইয়ানির মধ্যে চলতি সপ্তাহে একটি বৈঠকের কথা রয়েছে।
গত সপ্তাহে ওয়াজিরিস্তানে এক সংঘর্ষে ১৫০ জন জঙ্গি ও ২০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১২২৬ ঘ.
ঝঃৎধরহবফ
bdnews24