ডাভোস, সুইজারল্যান্ড, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, পশ্চিমাদের মত করে মানবাধিকার নয়, পাকিস্তানের অগ্রগতিকে মূল্যায়ন করতে হবে অর্থনৈতিক অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতা দিয়ে। একইসঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের সফলতাও বিশ্বকে আমলে নিতে হবে। সুইজারল্যান্ডের ডাভোসে বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন মুশাররফ।
আগামী মাসে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যাক্ত করে মুশাররফ জানান, নির্বচনের চেয়ে তিনি এখন দেশের অর্থনীতি ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, "অনুগ্রহ করে পশ্চিমাদের মতো গণতন্ত্র ও মানবাধিকার দিয়ে পাকিস্তানের বর্তমান অবস্থাকে বিচার করবেন না। তার চেয়ে বরং পাকিস্তানের অর্থনৈতিক সফলতা, জনগণের কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতা দিয়ে পাকিস্তানকে মূল্যায়ন করুন।"
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো বিচারকদের সরাতে তিনি গত নভেম্বরে জরুরি অবস্থা জারি করে নাগরিক অধিকার সীমাবদ্ধ করে ফেলেন। এরপর প্রেসিডেন্ট পদ নিশ্চিত করে গত মাসে জরুরি অস্থা তুলে নিলেও এখনও পাকিস্তানের জনগণ তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত।
প্রেসিডেন্ট মুশাররফ গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাইস এ সময় তাকে আগামী মাসের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা গ্রহণের জন্য মুশাররফের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার মুশাররফ বলেন, "নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে এবং শুধু তাই নয় আমি বলছি, শান্তিপূর্ণ হবে।"
তিনি আরও বলেন, "পাকিস্তানকে মূল্যায়ন করতে হলে পাকিস্তানিদের চোখেই দেখতে হবে। জনগণের কল্যানে আমরা কাজ করছি কিনা, অর্থনৈতিক অগ্রগতির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিনা-- সেটিই আপনাদের লক্ষ্য করা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৬ ঘ.
bdnews24