জেরুজালেম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে চায় ইসরায়েল। ফিলিস্তিনি গেরিলারা মিসর ও গাজা উপত্যকার মধ্যবর্তী সীমান্ত প্রাচীর ভেঙে ফেলায় এমন চিন্তা-ভাবনা করছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি উপ-প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন।
সহকারি প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলনাই এ বিষয়ে ইসরায়েলি সেনা বেতারকে বলেন, "আমাদের এটা বোঝা দরকার যে, অন্যদিকে গাজার যখন অবারিত দ্বার তখন সেখানে আমাদের আর দায়-দায়িত্ব নেই। তাই আমরা গাজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাই।"
তিনি বলেন, ২০০৫ সালে সেনা প্রত্যাহার এবং ইহুদি বসতিস্থাপনকারীদের বের করে আনার মধ্য দিয়ে ইসরায়েল ওই ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে।
প্রসঙ্গত, সেনা ও বসতি প্রত্যাহার হলেও গাজা উপত্যকার উত্তর ও পূর্ব সীমান্তসহ এলাকাটির আকাশ এবং সমুদ্রসীমার নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের হাতে।
গাজার দক্ষিণ সীমান্ত বরাবর রয়েছে মিসর সেনাদের ঘাঁটি। বুধবার ফিলিস্তিনি গেরিলারা দফায় দফায় বিস্ফোরণ ঘটিয়ে সেই সীমান্ত প্রাচীরের বেশ কয়েকটি স্থান ভেঙে ফেলে। এরপর ইসরায়েলি অবরোধে খাবার ও জ্বালানি সঙ্কটে থাকা গাজা উপত্যকার হাজার হাজার অধিবাসী মিসরে ঢুকে পড়ে।
ভিলনাই বলেন, গাজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার ইসরায়েলি চেষ্টা চলছে। আমরা তাদের বিদ্যুৎ, পানি এবং ওষুধ সরবারহ বন্ধ করে দিতে চাই। কারণ, এসব জিনিস তো অন্য কোনোখান থেকেই আসতে পারে।"
ভিলনাই আরও বলেন, "যতদিন গাজার অন্য কোনো বিকল্প ছিল না ততদিন আমরা এর দায় বহন করেছি।"
হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজা এখনও অধিকৃত এলাকা হওয়ায় ইসরায়েল এর দায় এড়াতে পারে না।
ওদিকে, আব্বাসের এক সহযোগী বলেছেন, গাজাকে অধিকৃত পশ্চিম তীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার চিন্তা করছে ইসরায়েল। কারণ, গাজাকেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসাবে চায় ফিলিস্তিন।
ইসরায়েল বলে আসছে, সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা বন্ধের লক্ষ্যে তারা গাজা উপত্যকা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ কঠোর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৪ ঘ.
bdnews24