২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরচর্চা বয়স্কদের মৃত্যুর হার কমায়

নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা বয়স্কদের মৃত্যুর হার কমায়। যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার একথা বলেছেন। দীর্ঘমেয়াদী এক গবেষণায় তারা দেখেছেন, নিয়মিত ব্যায়ম করে যারা শরীর ঠিক রেখেছেন এমন বয়স্ক লোকদের মৃত্যু হার যারা ব্যায়াম করেন না তাদের চেয়ে অনেক কম। এ সংখ্যা প্রায় অর্ধেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

শিকাগো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা বয়স্কদের মৃত্যুর হার কমায়। যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার একথা বলেছেন। দীর্ঘমেয়াদী এক গবেষণায় তারা দেখেছেন, নিয়মিত ব্যায়ম করে যারা শরীর ঠিক রেখেছেন এমন বয়স্ক লোকদের মৃত্যু হার যারা ব্যায়াম করেন না তাদের চেয়ে অনেক কম। এ সংখ্যা প্রায় অর্ধেক। ১৫ হাজারের বেশি প্রবীণ মার্কিন সেনার প্রত্যেকের ওপর গড়ে সাড়ে সাত বছরের বেশি সময় ধরে এ গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, জাতিগোষ্ঠী ও আয়ের তারতম্য সত্ত্বেও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে মানুষ দীর্ঘ জীবনের অধিকারী হতে পারেন। এ বিষয়ে ওয়াশিংটনের 'ভেটেরান্স অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টার' এর 'এক্সারসাইজ টেস্টিং অ্যান্ড রিসার্চ ল্যাব' এর পরিচালক পিটার কুক্কিনস বলেন, শরীরচর্চা যে কারও জন্যই উপকারী। ১৯৮৩ সালের মে মাস থেকে ২০০৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৫০ থেকে ৭০ বছর বয়সী ৬,৭৪৯ জন কৃষ্ণাঙ্গ এবং ৮,৯১১ জন শ্বেতাঙ্গ লোকের ওপর এ গবেষণা চালানো হয়। দীর্ঘ এ গবেষণায় তাদেরকে ক্লান্ত বা হৃদযন্ত্রের সমস্যা না হওয়া পর্যন্ত শরীরচর্চা করার উৎসাহ দেওয়া হয়। তাদেরকে গড়ে সাড়ে সাত বছর পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি তাদের শরীরচর্চার ক্ষমতার ওপর ভিত্তি করে তাদেরকে "লো ফিট", "মডারেটলি ফিট", "হাইলি ফিট", এবং "ভেরি হাইলি ফিট" শ্রেণীতে ভাগ করা হয়। গবেষণায় গবেষকরা দেখতে পেয়েছেন, গবেষণার সময়ে "হাইলি ফিট" বলে মনে হওয়া মাঝ এবং বেশি বয়সী কৃষ্ণাঙ্গ ও শ্বেতাদের মৃত্যুর হার যারা "লো ফিট" তাদের অর্ধেক। গবেষণায় আরও দেখা গেছে, "ভেরি হাইলি ফিট" লোকেদের মৃত্যুর ঝুঁকি "লো ফিট" শ্রেণীর লোকদের চেয়ে ৭০ শতাংশ কম। কুক্কিনস বলেন, "হাইলি ফিট" পর্যায়ে উপনীত হওয়ার জন্য ব্যক্তিগত প্রশিক্ষক বা জিমের সদস্য হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, "আপনার প্রয়োজন সপ্তাহে দুই থেকে তিন ঘণ্টা দ্রত গতিতে হাঁটা-হাঁটি করা। আপনি এর সময় বাড়িয়ে সপ্তাহে চার থেকে পাঁচ ঘণ্টাও হাঁটতে পারেন।" কুক্কিনস বলেন, মাঝ বা বেশি বয়সী কোনো লোক সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ৩০ মিনিট করে দ্রুত হাঁটাহাঁটি করলে কয়েক মাসের মধ্যে তিনি "লো ফিট" ক্যাটাগরি থেকে "ভেরি হাইলি ফিট" ক্যাটাগরিতে উন্নীত হতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৪ ঘ.