২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনায় জনমত জরিপে ওবামা এগিয়ে

শনিবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে হিলারি ক্লিনটনের চেয়ে বারাক ওবামা জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সাউথ ক্যারোলাইনার প্রাইমারির তিন দিন আগে বুধবার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারির চেয়ে ওবামার প্রতি প্রায় ২০ শতাংশ বেশি সমর্থন রয়েছে ডেমোক্রেটদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শনিবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে হিলারি ক্লিনটনের চেয়ে বারাক ওবামা জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সাউথ ক্যারোলাইনার প্রাইমারির তিন দিন আগে বুধবার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারির চেয়ে ওবামার প্রতি প্রায় ২০ শতাংশ বেশি সমর্থন রয়েছে ডেমোক্রেটদের। জরিপে দেখা গেছে, সাউথ ক্যারোলাইনায় ওবামার ৪৩ শতাংশ এবং হিলারির ২৫ শতাংশ ডেমোক্র্যাটের সমর্থন আছে। অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী জন এডওয়ার্ডসের প্রতি সমর্থন আছে ১৫ শতাংশ ডেমোক্র্যাটের। ধারণা করা হচ্ছে, সাউথ ক্যারোলাইনার ডেমোক্র্যাট দলীয় প্রাইমারির অর্ধেকের বেশি ভোটারই কৃষ্ণাঙ্গ এবং তারা সমর্থন দেবেন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রার্থী ওবামাকে। রয়টার্স/সি-স্প্যান/জগবি এর তিনদিনব্যাপী এ জরিপের অধিকাংশ কাজ সোমবার রাতে মার্টলি বিচে ওবামা-হিলারির তীব্র বাকযুদ্ধের আগেই করা হয়। 'সিএনএন/কংগ্রেশনাল ব্লাক ককাস ইনস্টিটিউট' আয়োজিত ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওই টেলিভিশন বিতর্কে ওবামা ও হিলারি একে অপরকে ব্যক্তিগত বিষয় নিয়েও আক্রমণ করেন। বিতর্কে ডেমোক্রেট দলের অপর প্রার্থী নর্থ ক্যারোলইনার সাবেক সিনেটর জন এডওয়ার্ডসও অংশ নেন। তবে হিলারি-ওবামা বিতর্কের কারণে সেখানে কথা বলার কম সুযোগ পান এডওয়ার্ডস। দুজনের এই বাকযুদ্ধের এক পর্যায়ে এডওয়ার্ডস সাধারণ বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়ার অভিযোগ তুলে হিলারি ও ওবামাকে প্রশ্ন করেন, "এ বিতর্ক তিনজন না দুইজনের?" প্রসঙ্গত, ডেমোক্রেট দলের নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানের প্রাইমারি এবং নেভাদার ককাসে বিজয়ী হয়েছেন হিলারি। অন্যদিকে, আইওয়ার ককাসে বিজয়ী হন ওবামা। তাই সাউথ ক্যারোলাইনার প্রাইমারি ওবামার জন্য গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪০ ঘ.