ওয়াশিংটন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৮ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে বিশ্ব অর্থনীতির বাজারও জটিল সময়ের মধ্য দিয়ে যাবে বলে আইএমএফ সতর্ক করেছে।
আইএমএফ মুখপাত্র মাসুদ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র গত ২৩ বছরের মধ্যে এবার সুদের হার সবচে বেশি কমিয়েছে। বিশ্ব স্টক মার্কেটে বড় ধরনের লোকসানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ফেডারেল তহবিলে সুদের হার কমানোর পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নিম্নগতির প্রভাব বাদবাকী বিশ্বেও পড়ে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।
মাসুদ বলেন, গত কয়েকদিন ধরে বিশ্ব অর্থবাজারেও মন্দাভাব দেখা যাচ্ছে। অর্থবাজারে এই চলমান অস্থিরতা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নগামী হয়ে পড়ার আশঙ্কাই আরও প্রকট করছে। এভাবে ২০০৮ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব এড়ানো এখনই অসম্ভব ঠেকছে। সামনে এখনও রয়ে গেছে অনেক ঝুঁকি।
তিনি পরামর্শ দিয়ে বলেন, "চাহিদা বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের উচিত একটি লক্ষ্যমাত্রা নিয়ে সময়মত অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া।" তিনি বলেন, "আগামী দিনগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিম্নগামী হয়ে পড়ার শঙ্কার মাঝে এখনও বিশ্ব অর্থবাজারে দাম স্থিতিশীল রয়েছে।" ফলে সঠিক পদক্ষেপ নেওয়ার সময় এখনই ।
আইএমএফ এর আগে গত অক্টোবরে বিশ্ব অর্থনীতি সম্পর্কে সতর্ক করে বলেছিল, ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ কমে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২১ঘ.
bdnews24