রাফাহ, গাজা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলি অবরোধে চরম দুর্ভোগের শিকার হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও জ্বালানির সন্ধানে মিসরে ঢুকে পড়েছে। ফিলিস্তিনি গেরিলারা বুধবার গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার সীমান্ত প্রাচীর ভেঙে ফেললে ফিলিস্তিনিরা দলে দলে মিসরে প্রবেশ করে। ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বাসিন্দারা কয়েকদিন ধরে খাবার ও জ্বালানি সঙ্কটে থাকার পর এ ঘটনা ঘটল।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বাসিন্দারা জানিয়েছেন, হামাস সদস্যসহ কয়েকজন গেরিলার একটি দল রাতভর দফায় দফায় বিস্ফোরণ ঘটিয়ে সীমান্ত প্রাচীরের অংশবিশেষ (২০০ মিটার) উড়িয়ে দেয়। অবশ্য, হামাস এ কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
খাবার ও জ্বালানির জন্য হাজার হাজার ফিলিস্তিনি ভাঙা প্রাচীরের ওই পথ দিয়ে মিসরে প্রবেশ করে। তাদের কাউকে কাউকে গাধার গাড়ি ও ঠেলাগাড়ি নিয়েও মিসরে প্রবেশ করতে এবং মালপত্র নিয়ে গাজা উপত্যকায় ফিরে আসতে দেখা যায়।
তাদের একজন মোহাম্মেদ সাইদ। ঠেলাগাড়িতে করে মালামাল নিয়ে ফেরার পথে রয়টার্সকে তিনি বলেন, "আমার বাড়িতে এক মাসের জন্য যা যা প্রয়োজন আমি তার সব নিয়ে এসেছি। আমি খাবার, সিগারেট এমনকি আমার গাড়ির জন্য দুই গ্যালন ডিজেলও এনেছি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবার ও জ্বালানি সংগ্রহে ফিলিস্তিনিদের বাধা দেয়নি মিসরের দাঙ্গা পুলিশ। তারা পাশে দাঁড়িয়ে পরিস্থিতি লক্ষ্য করেছে।
মিসরের এক নিরাপত্তা সূত্র জানায়, "ফিলিস্তিনি বন্দুকধারীরা মিসর ও গাজা সীমান্ত প্রাচীরে কমপক্ষে ১৫টি প্রবেশদ্বার তৈরি করেছে। ফিলিস্তিনের একটি বুলডোজার প্রাচীরের একটি বড় অংশ গুঁড়িয়ে দিচ্ছে এবং বাকি অংশ ভাঙার চেষ্টা করছে।
প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশপাশি ওই এলাকায় জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ বন্ধ করে দেয়।
গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫৬ ঘ.
bdnews24