বার্লিন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিসহ বিশ্বের ছয় শক্তিধর দেশ মঙ্গলবারের বার্লিন বৈঠকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবনার খসড়া তৈরিতে একমত হয়েছে। তবে কূটনীতিকরা বলছেন, এটি একটি মাঝারি ধরনের প্রস্তাবনা। এতে কোনো শাস্তিমূলক অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়নি।
বার্লিনে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার বলেছেন, "নতুন খসড়া প্রস্তাবনাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা পরিষদে পাঠানো হবে।"
তিনি বলেন, "আমরা এ ব্যাপারে একমত যে পরমাণু অস্ত্র সমৃদ্ধ ইরান নাটকীয় পরিণতি ভোগ করবে। আজ আমরা সবাই নতুন প্রস্তাবনার খসড়া তৈরিতে একমত হয়েছি। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন আগামী কয়েক সপ্তাহে এই খসড়া প্রস্তাবনা জমা দেবে। পরে প্রস্তাবনাটি নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা হবে।"
উল্লেখ্য, বিশ্বের ছয় শক্তিধর দেশ মঙ্গলবার ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একজোট হওয়ার চেষ্টায় বার্লিনে আলোচনায় বসে। পরমাণু কর্মসূচি বন্ধে গররাজি ইরানকে শাস্তি দিতে মতভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানায় জার্মানি।
কিন্তু এর মাঝেও অনড় অবস্থান জানায় ইরান। মঙ্গলবার ইরান জানায়, নতুন কোনো আন্তর্জাতিক অবরোধেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না। বার্লিন বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় বেতার জানায়, বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অন্যদিকে, পশ্চিমাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে এবং এ অধিকার তাদের রয়েছে।
বার্লিনের বৈঠকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সম্ভাব্য তৃতীয় দফা কঠোর অবরোধ নিয়ে আলোচনা করেছে ছয় দেশ।
ওদিকে, ইরান বলেছে, "ইরানি জাতি তাদের যুক্তিসঙ্গত ও আইনগত অধিকারের কর্মকাঠামো অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এবং নতুন সনদ আমাদের জাতির আচরণে কোনো প্রভাব ফেলবে না।"
ইরান বলে আসছে, তারা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সন্দেহ দূর করাতে ভিয়েনাভিত্তিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএকে সহযোগিতা করছে এবং নিরাপত্তা পরিষদের এখানে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৪ঘ.
bdnews24