২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়ল থাই জান্তা, আর অভ্যুত্থান না করার অঙ্গীকার

২০০৬ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুতকারী থাইল্যান্ডের সামরিক জান্তা মঙ্গলবার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে। একইসঙ্গে তারা থাইল্যান্ডে আর কোনো সেনা অভ্যুত্থান না করার অঙ্গীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 11:07 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ব্যাংকক, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৬ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুতকারী থাইল্যান্ডের সামরিক জান্তা মঙ্গলবার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে। একইসঙ্গে তারা থাইল্যান্ডে আর কোনো সেনা অভ্যুত্থান না করার অঙ্গীকার করেছে। সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সমর্থিত জোট থাইল্যান্ডে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ওই অঙ্গীকার করল 'দ্য কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি' (সিএনএস)। অযোগ্য সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত সিএনএস সেনাবাহিনীর সংসর্গ থেকে দূরে থাকার জন্য রাজনীতিকদের প্রতিও আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ব্যাংককে সিএনএস মুখপাত্র সুনসার্ন কায়েকুমনার্ড সাংবাদিকদের বলেন, "সিএনএস এর প্রত্যেকে, বিশেষকরে সেনাপ্রধান আর কোনো অভ্যুত্থান না ঘটানোর ওপর জোর দিয়েছেন।" তিনি বলেন, "পূর্ণ গণতন্ত্রের পথে রাজনৈতিক অগ্রযাত্রার সময়ে, সব পক্ষের জন্য স্পর্শকাতর এই সময়ে সেনাবাহিনীর রাজনীতিতে জড়ানো উচিত না এবং রাজনীতিকদেরও উচিত হবে না সেনাবাহিনীতে হস্তক্ষেপ করা।" সুনসার্ন বলেন, "আর তাই, প্রতিরক্ষামন্ত্রী হিসাবে আমাদের প্রয়োজন একজন রাজনীতি নিরপেক্ষ লোক।" থাকসিনপন্থি দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) গত ২৩ ডিসেম্বরের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিজয়ী হওয়ায় এবং পিপিপি নেতা সামাক সুন্দরাজেভ একইসঙ্গে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর পদে আসীন হতে অটল থাকার প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন সুনসার্ন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে থাকসিনপন্থি দলের বিজয়ে এটি পরিষ্কার যে, থাকসিনকে ক্ষমতাচ্যুত করা এবং তার প্রভাব মুছে ফেলার সেনাবাহিনীর অপচেষ্টা থাইরা প্রত্যাখ্যান করেছে । নির্বাচনী প্রচারাভিযানের সময় পিপিপি থাকসিনের প্লাটফর্মে থেকে ভোটারদের এ কথা বলে উদ্বুদ্ধ করেছে যে, পিপিপিকে ভোট দিলে থাকসিনকেই ভোট দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৮ ঘ.