জেনেভা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরিবর্তনশীল জলবায়ু বিশ্বে বিপর্যয় বাড়াচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সাহায্য সংস্থা রেডক্রস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কটে দূর্ভোগ পোহাচ্ছে মানুষ। বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের প্রকোপ। সোমবার রেড ক্রস একথা জানায়।
বিশ্ব উষ্ণায়নের হুমকি থেকে মানবগোষ্ঠীকে রক্ষায় সাহায্য করতে 'দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস' (আইএফআরসি) দাতা দেশগুলোর কাছে ২০০৮ ও ২০০৯ সালের জন্য ২৯২ মিলিয়ন ডলার করে সাহায্যের আবেদন জানিয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক এ সংস্থাটির মহাসচিব মার্ককু নিসকালা বলেন, "সাড়া দেওয়াই এখন আর যথেষ্ট হবে না। স্বাস্থ্য সেবা দেওয়া ও বিপর্যয় সামলানোর জন্যই প্রয়োজন প্রস্তাবিত ওই অর্থের ৭৫ শতাংশ।"
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকদের সাহায্য করার লক্ষ্যে বিশ্বের ১৮৬টি জাতীয় 'রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস' নভেম্বর মাসে একটি কৌশল-নির্ধারণী সম্মেলন করার অঙ্গীকার করেছে।
এছাড়া, বিপর্যয়কালীন প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাস কর্মসূচি ঠিক করতেও রাজি হয়েছে তারা। এসব কর্মসূচি বিশেষ করে ছোট ছোট দ্বীপ দেশ, ব-দ্বীপ এলাকা এবং আফ্রিকার জন্য গৃহীত হওয়ার কথা রয়েছে। কেননা, এসব এলাকার পরিবর্তনশীল আবহাওয়া, বৃষ্টিপাত এবং তাপমাত্রা ভবিষ্যতে সবচেয়ে বেশি সঙ্কটজনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24