২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের প্রতি সৌদি যুবরাজের শান্তি প্রস্তাব

অধিকৃত আরব ভূমি ছেড়ে দিয়ে শান্তিচুক্তি স্বাক্ষর করলে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সৌদি আরব রাজপরিবারের সদস্য যুবরাজ তুর্কি আল-ফয়সাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ক্রোনবার্গ, জার্মানি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অধিকৃত আরব ভূমি ছেড়ে দিয়ে শান্তিচুক্তি স্বাক্ষর করলে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সৌদি আরব রাজপরিবারের সদস্য যুবরাজ তুর্কি আল-ফয়সাল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত এবং বাদশাহ আবদুল্লাহর উপদেষ্টা তুর্কি আল ফয়সাল বলেন, শিক্ষা, বিজ্ঞান, পানি ও কৃষিসহ বিভিন্ন খাতে আরব-ইসরায়েল সহযোগিতা বাড়ানো সম্ভব। জার্মানিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যকার এক সম্মেলনের ফাঁকে রয়টার্সের সঙ্গে কথা বলেন তুর্কি আল-ফয়সাল। সম্মেলনের আয়োজন করে জার্মানির বার্টেলসমান ফাউন্ডেশন। ইসরায়েলের জনগণকে কী ধরনের বার্তা দিতে চান জানতে চাইলে সৌদি বাদশাহ আব্দুল্লাহর এই উপদেষ্টা বলেন, "দীর্ঘদিনের শত্র"তা ভুলে আরবরা ইসরায়েলের দিকে শান্তির হাত বাড়িয়েছে। এখন শান্তির এই সুযোগ গ্রহণ করে ইসরায়েল আমাদের সঙ্গে যোগ দিক--- সেদিকেই চেয়ে আছি আমরা। এতে আরব বিশ্ব এবং ইসরায়েল দু'য়েরই মঙ্গল অবধারিত।" এর আগে ২০০২ সালে রিয়াদে আরব লীগের এক বৈঠকে সৌদি আরব প্রথম ইসরায়েলকে একটি শান্তি প্রস্তাব দেয়। প্রস্তাবের মূল কথা ছিল, ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের দখল করা এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। পশ্চিম তীর ও গাজা উপত্যাকায় সহিংস পরিস্থিতির দোহাই দিয়ে ইসরায়েল ওই সময় প্রস্তাবটি প্রত্যাখান করে। তবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ব্যাপারে জাতিসংঘের নতুন উদ্যোগের কারণে ইসরায়েল এ ব্যাপারে এখন কিছুটা উৎসাহ দেখাচ্ছে। প্রিন্স তুর্কি জানান, ইসরায়েল আরব লীগের ওই প্রস্তাব গ্রহণ করে সে অনুযায়ী চুক্তি স্বাক্ষর করলে আরব বিশ্বের ভৌগলিক অবস্থানে অখণ্ড ইসরায়েল রাষ্ট্র কল্পনা করা যেতে পারে। তিনি বলেন, "এমন হলে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছাড়াও শিক্ষা, বিজ্ঞান, পারস্পরিক হুমকি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে আরবদের সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠাও সম্ভব।" তিনি আরো বলেন, "আরব বিশ্বে ইসরায়েলের জনগণের ও ইসরায়েলের জনগণের জন্য আরব বিশ্বে আসা-যাওয়াও সম্ভব হবে। আমরা ইসরায়েলর জনগণকে শুধু ইসরায়েলী হিসেবে নয় বরং আরব ইহুদী বলেও ভাবতে শুরু করেছি।" সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান যুবরাজ তুর্কি বর্তমানে রিয়াদে 'বাদশাহ ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ' এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবরাজ তুর্কির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সম্মেলনে আসা ইসরায়েলের দ্য বিটার লেমনস ওয়েব সাইটের সহ-সম্পাদক ইয়োসি আলফের। তিনি বলেন, "আবর শান্তি প্রস্তাবের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক শান্তি স্থাপনের যুবরাজ তুর্কির প্রস্তাবে আমি খুশি।" তিনি আরো বলেন, "তার (তুর্কি) এই মন্তব্য আমাদের ইসরায়েলীদের এবং আরবদের আরো বড় ধরনের শান্তি আলোচনায় উৎসাহিত করবে। এর মাধ্যমে একটি বাস্তবসম্মত শান্তি চুক্তির মাধ্যমে আবর-ইসরায়েল সহযোগিতায় পৌঁছতে হবে যার কথা মাননীয় যুবরাজ উল্লেখ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/১৯২৬ঘ.