জাকার্তা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )-- দু সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে থাকার পর ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর ধীরে ধীরে সেরে ওঠার লক্ষণ প্রকাশ পাচ্ছে। তিনি হাত নাড়াতে পারছেন এবং কথাও বলার চেষ্টা করছেন। ডাক্তাররা রোববার একথা জানিয়েছেন।
৮৬ বছর বয়স্ক সাবেক এই স্বৈরশাসক মারাত্মকভাবে অসুস্থ হয়ে ৪ জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন। তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছিল না। কিন্তু এখন ডাক্তাররা বলছেন, তার বাড়ি ফিরে যাওয়ার মতো সুস্থ হয়ে ওঠার আশা আছে।
নিউরোলোজিস্ট জুসুফ মিসব্যাক এক সংবাদ সম্মেলনে বলেছেন, "রোববার সকালে সুহার্তো চেতন ফিরে পেয়েছেন এবং তিনি কথামতো কাজ করতে পারছেন। তাকে হাত তুলতে বলা হলে তিনি হাত তুলেছেন। তিনি চুলকানিও অনুভব করতে পারছেন। আর সেকারণেই তিনি সেরে উঠছেন বলা যায়।"
জুসুফ বলেন, "তার কণ্ঠ এখনও দুর্বল। তবে তিনি কথা বলার চেষ্টা করছেন।"
সুহার্তোকে বাঁচিয়ে রাখার জন্য সংযোজিত কৃত্রিম শ্বসযন্ত্রটি আস্তে আস্তে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশা করছেন ডাক্তাররা। শনিবার যন্ত্রটি তার গলা থেকে সরিয়ে মুখের দিকে নিয়ে যাওয়া হয় যাতে করে কণ্ঠস্বরের ক্ষতি কিংবা ইনফেকশনের ঝুঁকি এড়ানো যায়।
মাত্র এক সপ্তাহ আগেও ডাক্তাররা সুহার্তোর বেঁচে থাকার সম্ভাবনা ৫০-৫০ বলে জানিয়েছিলেন। এখন তারা বলছেন, সুহার্তোর রক্তচাপও স্বাভাবিক হয়ে এসেছে। হৃদপিণ্ড এবং ফুসফুসও কাজ করতে শুরু করেছে। তবে এই উন্নতি সত্ত্বেও তার অবস্থা যে কোনো সময় আবার খারাপ হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন ডাক্তার মারজো সোয়েবিয়ানদোনো।
উল্লেখ্য, ৩২ বছর ধরে শক্ত হাতে ইন্দোনেশিয়ার নেতৃত্বদানকারী সুহার্তো ১৯৯৮ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতুচ্যুত হন। কিন্তু শাসনকালে তিনি যেসব দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন করেছেন সেসব বিষয়ে তাকে আজও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
সুহার্তোর বিচারের দাবিতে শনিবার রাজধানী জাকার্তায় বিক্ষোভ হয়েছে। জাকার্তার যে হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে সুহার্তোর চিকিৎসা চলছে তার সামনেই প্রায় একশ' ছাত্র-ছাত্রী ও মানবাধিকার কর্মী এ বিক্ষোভ করে। এ সময় তাদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।
শনিবার প্রায় একশ' ছাত্র-ছাত্রী ও মানবাধিকার কর্মী তার বিচারের দাবিতে জাকার্তার যে হাসপাতালে সুহার্তো চিকিৎসাধীন রয়েছেন সেখানে জড়ো হয়। তারা হাসপাতালটির ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর ওইসব পুলিশের সঙ্গে যোগ দেয় দাঙ্গা পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ বিক্ষোভকারীদের মারপিট করেছে এবং একজন ছাত্রকে গ্রেফতার করে নিয়ে গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৭৫৮ ঘ.
bdnews24