২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে জোট সরকার গঠন করছে থাকসিনপন্থী দল

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রপন্থী দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ব্যাংকক, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রপন্থী দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হতে যাচ্ছে। ২৩ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিজয়ী পিপিপি শনিবার পাঁচটি ছোট দলের সমর্থন পাওয়ায় থাইল্যান্ডে আগামীতে ছয়দলীয় জোট সরকার গঠিত হওয়ার পথ পরিষ্কার হয়েছে। এর আগে শুক্রবার থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট পিপিপির বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম সংক্রান্ত যেসব অভিযোগ দায়ের করা হয়েছিল সেগুলো খারিজ করে দেয়। শনিবার জোট সরকার গঠনে ছয়দলীয় ঐক্যের ফলে পিপিপি নেতা সামাক সুন্দরাজেভের (৭২) জন্য দেশটির আগামী প্রধানমন্ত্রী হওয়ার পথও পরিষ্কার হয়েছে। পিপিপির নেতৃত্বে ছয়দলীয় জোট সরকার গঠিত হলে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের জন্য দেশে ফেরার প্রক্রিয়ায় গতি সঞ্চার হবে বলে ধারণা করা হচ্ছে। লন্ডনে অবস্থানরত থাকসিন এ সপ্তায় বলেছেন, তিনি সম্ভবত কয়েক মাসের মধ্যে থাইল্যান্ড ফিরছেন। পিপিপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আগামী সপ্তাহে পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হতে পারে। ছয়দলীয় জোট গঠিত হওয়ার বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে পিপিপি নেতা সামাক বলেছেন, "এই জোট একটি রাজনৈতিক অচলাবস্থা ভাঙ্গতে সাহায্য করছে। আমাদের সম্মিলিত ৩১৫ আসন নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।" প্রসঙ্গত, ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সেনা অভ্যুত্থানের পর থাকসিনের 'থাই রাক থাই' পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া, থাকসিন এবং তার দলের ১১১ জন সাবেক সংসদ সদস্যকেও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে মূলত থাকসিনের সমর্থকরাই গঠন করে পিপিপি এবং এ দলটিই গতমাসের পার্লামেন্ট নির্বাচনে ৪৮০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়। ব্যাংককের সাবেক গভর্নর সামাক এবং তার দল পিপিপির সমর্থকরা থাকসিন ও তার দল থাই রাক থাই পার্টির প্রতিনিধিত্বকারী দল হিসাবে বিবেচিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮১০ ঘ.