ওয়াশিংটন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জন্য আল-কায়েদা ও এর সমর্থক পাকিস্তানি আদিবাসী নেতা বাইতুল্লাহ মেহসুদের অনুসারী জঙ্গিরাই দায়ী বলে মনে করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ প্রধান মাইকেল হেইডেন 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। পত্রিকাটি শুক্রবার ওই সাক্ষাৎকার ছেপেছে।
গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী এবং বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি'র (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো হত্যাকাণ্ড সম্পর্কে এটাই সর্বোচ্চ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার সবচেয়ে পরিস্কার এবং প্রকাশ্য মন্তব্য।
সিআইএ'র এ মন্তব্য পাকিস্তান সরকারের বক্তব্যের প্রতিধ্বনি বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।
(আরও তথ্যসহ)
হেইডেন বলেছেন, উত্তর-পশ্চিম পাকিস্তানে সক্রিয় আদিবাসী জঙ্গি নেতা বাইতুল্লাহ মেহসুদ এর অনুসারী জঙ্গিরা আল-কায়েদার সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সহায়তায় বেনজির ভুট্টোকে হত্যা করেছে। অবশ্য সিআইএ'র এ মূল্যায়নের পেছনের গোয়েন্দাতথ্য সম্পর্কে কথা বলতে রাজি হননি হেইডেন।
তিনি বলেন, " বাইতুল্লাহ মেহসুদের নেটওয়ার্ক এটা করেছে। বিষয়টিতে সন্দেহ পোষণ করার মতো কোনো কারণ দেখি না আমরা।"
এ হত্যাকাণ্ডকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা এবং দেশটির নেতৃবৃন্দের ওপর হামলার একটি সঙ্ঘবদ্ধ প্রয়াসের অংশ হিসেবেও বর্ণনা করেছেন হেইডেন।
সিআইএ মনে করে ওই একই সঙ্ঘবদ্ধ চক্রই এখন নতুন করে সহিংসতায় লিপ্ত হয়ে পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মাইকেল হেইডেন বলেন, " আপনারা দেখে থাকবেন যে একটা সঙ্ঘবদ্ধ চক্র সেখানে সবসময়ই ছিল। এখন তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। আল-কায়েদা এবং বিভিন্ন উগ্রবাদী ও বিচ্ছিন্নতাবাদী গ্র"পের চক্র সেটি।"
তিনি বলেন, "এটি স্পষ্ট যে বর্তমান পাকিস্তান রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
উল্লেখ্য, বেনজির হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকারও মন্তব্য করেছিল, আল-কায়েদা সমর্থক আদিবাসী নেতা বাইতুল্লাহ মেহসুদ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩৫ ঘ.
bdnews24