বেইজিং, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চীনের দীর্ঘতম নদী ইয়াংজি। নদীর কোনো কোনো অংশে পানির পরিমাণ গত ১৪২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সরকারি গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
চীনে গত এক দশক ধরে চলছে ভয়াবহ খরা। এতে অসংখ্য জলাধার ও নদী শুকিয়ে যাওয়ায় কোটি কোটি মানুষ পানীয় জলের সঙ্কটে পড়েছে।
চীনের আদ্র দক্ষিণাঞ্চলে এখন দাবদহে পুড়ে যাচ্ছে। এই অঞ্চলের অনেক প্রধান নদীর পানি স্মরণকালের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।
চায়না ডেইলি বৃহস্পতিবার জানিয়েছে, গত ৮ জানুয়ারি হাঙ্কু পয়েন্টে ইয়াংজির পানির পরিমাণ ছিল ৪৬ ফুট। ১৮৬৬ সালের পর এটাই সবয়েয়ে কম।
কেন্দ্রীয় হুবাই প্রদেশের এক কৃষক লি চ্যাংমিন বলেন, "এ বছরের মত এমন ভয়াবহ খরা কখনও দেখিনি। কয়েকদিন আগে আমি একটার পর একটা জাহাজকে চরে আটকে যেতে দেখেছি। যা আগে কখনো হয়নি।"
গত অক্টোবরের পর থেকে ৪০টির বেশি জাহাজ বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে আটকে গেছে। ইয়াংজির দৈর্ঘ ছয় হাজার তিনশ' কিলেমিটার।
কর্মকর্তারা জানিয়েছেন, চীনে এবার এক মাস আগে থেকেই শুস্ক মৌসুম শুরু হয়ে গেছে এবং নদ-নদীর পানি অনুমানের চেয়েও বেশি পরিমাণে কমতে শুরু করেছে।
চীনা ডেইলি জানিয়েছে, গত মাসে 'থ্রি গর্জেস ড্যাম'এ (জলাধার) অনেক বেশি পানি সংরক্ষণ করা হয়েছে। এর ফলে নদীতে পানির প্রবাহ ৫০ শতাংশ কমে গেছে। তবে ইয়াংজি নদীর পানি ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, শুধু জলাধারে পানি সংরক্ষণের কারণেই এই নদীর পানি কমেনি।"
ইয়াংজি নদী বশে আনতে 'থ্রি গর্জেস ড্যাম' তৈরি করা হয়েছে এবং এটাই বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24